Bartaman Logo
১০ জুন, ২০২৬

আজ উদ্বোধন প্রধানমন্ত্রীর, বন্দে ভারত চেয়ার কার ছুটবে শ্রীনগর-কাটরা রুটে

‘স্লিপার’ ট্রেন নয়। বরং শ্রীনগর এবং শ্রীবৈষ্ণোদেবী কাটরার মধ্যে চালানো হবে চেয়ার কার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেসই।

আজ উদ্বোধন প্রধানমন্ত্রীর, বন্দে ভারত চেয়ার কার ছুটবে শ্রীনগর-কাটরা রুটে
  • ৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘স্লিপার’ ট্রেন নয়। বরং শ্রীনগর এবং শ্রীবৈষ্ণোদেবী কাটরার মধ্যে চালানো হবে চেয়ার কার যুক্ত বন্দে ভারত এক্সপ্রেসই। ঘোষণা সত্ত্বেও জম্মু-শ্রীনগর বন্দে ভারত ‘স্লিপার’ ট্রেন চালাতে একপ্রকার ব্যর্থই হতে হল রেলমন্ত্রককে। তবে সরকারি সূত্রে দাবি করা হয়েছে, আগামীদিনে খুব শীঘ্রই জম্মু-কাশ্মীরের ঘোষিত রুটে শয়নযান বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হবে। সেইমতো প্রস্তুতিও চলছে পুরোদমে। 

Advertisement

আজ, শুক্রবার কাটরায় রেল সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  তাঁর সরকারি কর্মসূচির মধ্যে রয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেলওয়ে লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পের অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম রেল সেতু চেনাব ব্রিজের উদ্বোধন। তেমনই রয়েছে শ্রীনগর-কাটরা রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা। বৃহস্পতিবার রেল বোর্ড জানিয়েছে, কাল, শনিবার থেকেই শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রী পরিবহণ শুরু হবে। রেলমন্ত্রক জানিয়েছে, এই ট্রেনে চেয়ার কারের ভাড়া হবে মাথাপিছু ৭১৫ টাকা করে। অন্যদিকে, এগজিকিউটিভ চেয়ার কারের ভাড়া হবে যাত্রীপিছু ১ হাজার ৩২০ টাকা করে। রেল সূত্রে প্রাপ্ত শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের যে ‘ফেয়ার ব্রেক আপ’ মিলেছে, তাতে দেখা যাচ্ছে চেয়ার কারের ক্ষেত্রে বেসিক ফেয়ার করা হয়েছে মাথাপিছু ৪৬০ টাকা। সুপারফাস্ট চার্জ ৪৫ টাকা। জিএসটি ২৮ টাকা। কেটারিং চার্জ ১৪২ টাকা। অন্যদিকে, এগজিকিউটিভ চেয়ার কারের ক্ষেত্রে বেসিক ফেয়ার করা হয়েছে ৯৫৫ টাকা। সুপারফাস্ট চার্জ ৭৫ টাকা। জিএসটি ৫৫ টাকা। কেটারিং চার্জ ১৭৫ টাকা। দু’টো ক্ষেত্রেই এর পাশাপাশি যুক্ত হয়েছে রিজার্ভেশন চার্জ। এদিন রেল বোর্ড জানিয়েছে, শ্রীনগর-কাটরা বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন চলবে। শুধুমাত্র বুধবার তা চালানো হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ