চলতি মাসেই পিএম সৌরঘর প্রকল্পের টার্গেট পূরণের নির্দেশ, চাপে প্রশাসন
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: চলতি মাসেই পিএম সৌরঘর প্রকল্পের লক্ষ্যমাত্রা পূরণের নির্দেশ। আর এনিয়ে মালদহে চাপে প্রশাসন। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে নিখরচায় কিংবা স্বল্প খরচে সৌর বিদ্যুৎ দিতে পিএম মুফত বিজলি সৌরঘর যোজনা চালু হয়েছে। এই প্রকল্পে মালদহে প্রথম পর্যায়ে টার্গেট দেওয়া হয়েছে ৩৯০০। কিন্তু এখনও পর্যন্ত ৩৬০০ জন আবেদন করলেও মাত্র ১১০০ জনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে প্রকল্পের গতি নিয়ে প্রশ্ন উঠেছে মালদহে। জেলা প্রশাসন সূত্রে খবর, মোট পাঁচটি পর্যায়ে প্রতিটি জেলাকে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হবে। আগামী মার্চের মধ্যে তা শেষ করতে হবে। সেক্ষেত্রে নভেম্বরের তৃতীয় সপ্তাহে এসেও প্রথম পর্যায়ে যে লক্ষ্যমাত্রা রয়েছে, তার অর্ধেক এখনও পূরণ করা গেল না কেন, তা নিয়ে রাজ্যের কাছে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে জেলার আধিকারিকদের। 

Advertisement

মালদহের অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার বলেন, পিএম সৌরঘর প্রকল্পে গতি আনতে জেলায় ১১টি গ্রামকে মডেল হিসাবে কাজ চলছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় যাঁরা বাড়ি পেয়েছেন, তাঁরাও যাতে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হন, সেই চেষ্টা চালানো হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, পিএম সৌরঘর প্রকল্পে কোনো পরিবার যদি ১-২ কিলোওয়াট বিদ্যুতের জন্য সৌর প্যানেল বসায়, সেক্ষেত্রে খরচ পড়বে ১ লক্ষ ৮০ হাজার টাকা। এর মধ্যে ৬০ হাজার টাকা সরকারি ভর্তুকি পাবেন বেনিফিশিয়ারি। এছাড়া কোনো পরিবার যদি ২-৩ কিলোওয়াট বিদ্যুতের জন্য বাড়িতে সোলার প্যানেল বসায়, সেক্ষেত্রে খরচ পড়বে ২ লক্ষ ১৬ হাজার টাকা। এর মধ্যে ৭৮ হাজার টাকা ভর্তুকি পাবেন বেনিফিশিয়ারি। যদি কোনো পরিবার ৫ কিলোওয়াটের বেশি বিদ্যুতের জন্য সৌর প্যানেল বসানোর কথা ভাবে, সেক্ষেত্রে খরচ পড়বে সাড়ে তিন লক্ষ টাকা। এক্ষেত্রে সরকারি ভর্তুকি মিলবে এক লক্ষ টাকা। এসসি ও এসটি সম্প্রদায়ের জন্য ভর্তুকির পরিমাণ আরও কিছুটা বেশি। 
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ২-৩ কিলোওয়াট বিদ্যুতের জন্য যে প্রকল্প রয়েছে, সেটি যাতে বেশি করে রূপায়ণ করা যায়, সেই লক্ষ্যে জোর দেওয়া হয়েছে। রাজ্যে পালাবদলের পর গত আগস্ট মাসে পশ্চিমবঙ্গ আবাস যোজনায় মালদহে ৩৯ হাজার ৯১৫ জন বেনিফিশিয়ারিকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। সম্প্রতি জেলায় আরও ২২ হাজার ৪৪৬ জন বেনিফিশিয়ারি দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন। এই উপভোক্তারা বাড়ি তৈরির পর যাতে বিদ্যুতের জন্য পিএম সৌরঘর প্রকল্পের অধীনে আসেন, তার চেষ্টা চলছে। সেক্ষেত্রে এই উপভোক্তাদের বাড়িতে শৌচালয় তৈরির জন্য ১২ হাজার টাকা দেওয়া হবে। বাড়ি তৈরির পর ভিতে মাটি দিয়ে সমান করা, বাড়ির চারদিকে গাছ লাগানো কিংবা বাগান তৈরির জন্য ভিবি জি রাম-জি প্রকল্পে আরও ৯০ দিনের কাজ দেওয়া হবে। অর্থাৎ সেই বেনিফিশিয়ারি নিজের বাড়িতেই কাজ করে অতিরিক্ত ২৭ হাজার টাকা পাবেন।