Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচি: পাঁচ বছর পর টাকা পেল রাজ্য

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচি পুনরায় শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ৬৫ কোটি টাকা বরাদ্দ, সংখ্যালঘু এলাকার উন্নয়নে গতি আসবে। বিস্তারিত পড়ুন।

প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচি: পাঁচ বছর পর টাকা পেল রাজ্য
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জটিলতা কাটিয়ে ফের পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী জন বিকাশ কর্মসূচি। আগে এই প্রকল্পের নাম ছিল ‘মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’। সূত্রের খবর, সম্প্রতি এই প্রকল্পের বকেয়ার ৬৫ কোটি টাকা মিটিয়ে দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে আগামী দিনে এক্ষেত্রে কী কী কাজ করা যেতে পারে, তার তথ্য চেয়ে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। এই প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু প্রধান এলাকায় স্কুল, অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ছাত্রাবাস, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসা পরিকাঠামো থেকে শুরু করে দক্ষতা উন্নয়ন কেন্দ্র, পানীয় জল ও স্যানিটেশন প্রকল্প, মহিলা কেন্দ্রিক প্রকল্প এবং ক্রীড়া ও অন্যান্য জনপরিকাঠামো গড়ে তোলা হয়। 

Advertisement

শুরু থেকেই অন্যান্য রাজ্যের তুলনায় এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রতি বছর এক নম্বর স্থানে থাকত। তবে ২০২০-২১ অর্থবর্ষ থেকে নানা কারণে এই প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে প্রতিটি কাজের জিও ট্যাগিং সহ বেশ কিছু শর্ত আরোপ করে কেন্দ্র। সেই শর্ত পূরণও করে রাজ্য। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রত্যেক দপ্তরকে কেন্দ্রীয় প্রকল্প পুনরায় চালু করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেয় নবান্ন। সেই মতো অবশেষে এই প্রকল্পের ক্ষেত্রেও খরা কাটাতে সক্ষম হয়েছে রাজ্য। ফলে রাজ্যে পুনরায় এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছ বলে আশাবাদী প্রশাসনিক মহল। এর ফলে সংখ্যালঘু অধ্যুষিত এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক পরিকাঠামো উন্নয়নের কাজ গতি পাবে বলে মত অভিজ্ঞ আমলাদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ