Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্ল্যান পাশ: ভুয়ো রসিদ কাণ্ডে ৫০ লক্ষ ক্ষতি, এবার টাস্ক ফোর্স গড়ছে পুরসভা

প্ল্যান পাশ: ভুয়ো রসিদ কাণ্ডে ৫০ লক্ষ ক্ষতি, এবার টাস্ক ফোর্স গড়ছে পুরসভা
  • ৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দিনহাটা: শহরে বাড়ি তৈরি করার জন্য পুরসভার কাছ থেকে প্ল্যান পাশ করাতে হয়। প্ল্যান পাশ বাবদ কর আদায় করে পুরসভাও। সেই টাকা দিয়ে শহরের উন্নয়নের একাধিক কাজ করা হয়। তবে দিনহাটা পুরসভার দুই কর্মচারীর জালিয়াতির কারণে প্রায় ৫০ লক্ষ টাকা ক্ষতি হল পুরসভার। বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। তার পরিবর্তে আবেদনকারীদের ভুয়ো রসিদ ও প্ল্যান সরবরাহ করেছে ওই দুই কর্মচারী। পুরসভার পূর্ত বিভাগের গ্রুপ-ডি কর্মচারী উত্তম চক্রবর্তী ও পুরসভার ওভারসিয়ার হরি বর্মনকে এই ঘটনায় পুলিস গ্রেপ্তার করেছে। তাদের আর এক সাগরেদ অর্কপ্রভ দাশগুপ্ত নামে এক নথিভুক্ত ইঞ্জিনিয়ারও পুলিসের হেফাজতে রয়েছে। এই বিতর্কের জেরে পুর চেয়ারম্যান পদ থেকে গৌরীশঙ্কর মাহেশ্বরী পদত্যাগ করেছেন। 
Advertisement
২০২১ সালের পরে পাওয়া আবেদনগুলিতেই মিলেছে গোলযোগ। সেই কারণে ওই সময়ের পরবর্তীতে শহরে তৈরি হওয়া বাড়ির প্ল্যান ফের খতিয়ে দেখছে পুরসভা। দিনহাটা পুরসভার সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৩টি অভিযোগ জমা পড়েছে পুরসভায়। সবগুলিতে ভুয়ো রসিদ দিয়ে টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। পাশ হওয়া প্ল্যানগুলি বৈধ নয়। দিনহাটা থানায় ইতিমধ্যেই ১৩টি অভিযোগ জমা পড়েছে। যাদের কাছে বেশি টাকা নেওয়া হয়েছে তারাই পুরসভায় অভিযোগ জানাতে আসছেন এখন। এখনও পর্যন্ত পাওয়া অভিযোগের নিরিখে প্রায় ৫০ লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে। 
দীর্ঘদিন ধরে পুরসভায় কর্মী সঙ্কটে চলছে। দুই কর্মচারী জেলে যাওয়াতে কর্মী সংখ্যা আরও কমেছে। তবে ২০২১ সালের পরে তৈরি হওয়া বাড়ির প্ল্যান পরীক্ষা করে দেখার জন্য টাস্ক ফোর্স গঠন করবে পুরসভা। বাড়ি বাড়ি গিয়ে নতুন তৈরি হওয়া বাড়ির প্ল্যান পরীক্ষা করবে সেই দলটি। অবৈধভাবে গড়ে ওঠা বাড়িগুলিকে দ্রুত পুরসভার কাছে অনুমতি নেওয়ার জন্য জানানো হবে। যাদের জাল রসিদ দেওয়া হয়েছে তাদের বিষয়ে পুরবোর্ড সিদ্ধান্ত নেবে। দিনহাটা পুরসভার এগজিকিউটিভ অফিসার অলোককুমার সেন বলেন, ১৩টি ভুয়ো প্ল্যান পাশের ঘটনা ধরা পড়েছে। দিনহাটা থানায় অভিযোগ জানানো হয়েছে প্রতিটি ক্ষেত্রেই। আট লক্ষ টাকাও দেওয়া হয়েছে একটি প্ল্যান পাশের ক্ষেত্রে, বলে অনেকে অভিযোগ জানিয়েছেন। ২০২১ সালের পরের শহরের নির্মাণ হওয়া বাড়ির প্ল‌্যান খতিয়ে দেখার জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ