Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্ল্যান জালিয়াতি কাণ্ডে জেল হেফাজতে তিন

প্ল্যান জালিয়াতি কাণ্ডে জেল হেফাজতে তিন
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দেওয়ানহাট: দিনহাটা পুরসভায় বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে তিন ধৃতেরই জেল হেফাজত হল। দিনহাটা পুরসভার গ্রেপ্তার হওয়া দুই ইঞ্জিনিয়ার সহ একজন গ্রুপ ডি কর্মীকে রিমান্ড শেষে রবিবার আদালত তোলে পুলিস। বিচারক অভিযুক্তদের তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ১৫ জানুয়ারি তাদের ফের আদালতে তোলা হবে। পুলিসকে অভিযুক্তদের সই সংগ্রহেরও নির্দেশ দিয়েছে আদালত। 
Advertisement
বিল্ডিং প্ল্যান পাশে জালিয়াতি কাণ্ডে ৩০ ডিসেম্বর পুরকর্মী উত্তম চক্রবর্তীকে প্রথমে গ্রেপ্তার করে পুলিস। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর ৪ জানুয়ারি পুরসভার  ইঞ্জিনিয়ার হরি বর্মন এভং পুরসভার এম প্যানেল ইঞ্জিনিয়ার অর্কপ্রভ দাসগুপ্তকে দিনহাটা থানার পুলিস গ্রেপ্তার করে। ধৃত তিন জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী অফিসাররা। রিমান্ডে মেয়াদ শেষ হওয়ায় এদিন ধৃতদের আদালতে তোলা হয়।
দিনহাটা মহকুমা আদালতের সরকারী আইনজীবী অপূর্ব সিনহা বলেন, ধৃত তিনজনকে এদিন আদালতে তোলা হয়েছে। বিচারক তাদের তিনদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ১৫ জানুয়ারি তাদের ফের আদালতে তোলা হবে। পুলিসকে ধৃতদের সই সংগ্রহেরও নির্দেশ দিয়েছে আদালত। 
পুরসভায় বাড়ির প্ল্যান পাশ করিয়ে দেওয়ার নাম করে দুর্নীতির অভিযোগ ওঠায় চাপের মুখে চেয়ারম্যান পদ ছাড়তে হয় গৌরীশঙ্কর মাহেশ্বরীকে। তাকে থানায় ডেকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শনিবার ফের প্রাক্তন পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরীকে ডাকা হয়। সেই সঙ্গে দিনহাটা পুরসভার গ্রুপ ডি কর্মী তথা যুব তৃণমূলের শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্যকে ডেকেও দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। এছাড়াও পুরভার হেড ক্লার্ক  জগদীশ সেন, ক্যাশিয়ার সম্রাট দাস সহ আরও দুজন গ্রুপ-ডি কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। 
পুলিস সূত্রের খবর, পুরসভায় প্লান পাশ জালিয়াতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার পর যাদের নাম উঠে আসছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ  করছেন তদন্তকারী অফিসাররা। তবে তদন্তে বেশ কিছু নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে পুলিস মহলের অন্দরের খবর। ফলে পুরসভায় জালিয়াতিকাণ্ডে পুলিস যে আরও কাউকে গ্রেপ্তার করতে পারে। দিনহাটা শহরে এখন সেই সম্ভাবনাই প্রবল।
সম্পর্কিত সংবাদ