Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পোল্ট্রিতে আগুন, ঝলসে মৃত্যু দেড় হাজার মুরগির

পোল্ট্রিতে আগুন, ঝলসে মৃত্যু দেড় হাজার মুরগির
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পোল্ট্রি মুরগির ফার্মে আগুনে ঝলসে মৃত্যু হল দেড় হাজার মুরগির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পোড়ামাধইল গ্রামে। প্রথমে বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এদিকে ফার্মের গেট বন্ধ ছিল। তাই মুরগিগুলি বের হতে পারেনি। এর জেরে ঝলসে বহু মুরগির মৃত্যু হয়েছে। মালিকের দাবি, চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফার্মের মালিকের নাম অমৃত বসাক। বাড়ি ওই গ্রামেই। তিনি আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন। বলেন,  খবর পেয়ে দৌড়ে গিয়ে আমি কিছু মুরগি উদ্ধার করি। বাকি দেড় হাজার মুরগি আগুনে ঝলসে মারা গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। আমার চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 
স্থানীয় বাসিন্দা রিন্টু বসাক বলেন, মুরগিগুলিকে উষ্ণতা দেওয়ার জন্য বড় বড় ইলেকট্রিক বাল্ব লাগানো ছিল। সম্ভবত সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ফার্মে কেউ না থাকায় গেট বন্ধ ছিল। তাই মুরগিগুলিকে উদ্ধার করা যায়নি। বালুরঘাটের দমকল বিভাগের ওসি বাপন দাস বলেন, ফার্মে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল বাহিনী। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
মূলত, জনবহুল এলাকা থেকে একটু দূরেই মুরগির ফার্মগুলি করা হয়। তাই বাড়ির একটু দূরেই ওই ফার্ম করা হয়েছে। মাসখানেক আগে নতুন করে প্রচুর মুরগির ছানা আনা হয়েছিল। এদিকে রাতের দিকে আবহাওয়া ঠান্ডা থাকায় মুরগিগুলি অসুস্থতায় ভুগছিল। তাই উষ্ণতা দিতে ওই ফার্মে বড় বড় বাল্ব লাগানো হয়েছিল। মালিক জানিয়েছেন, ওই ফার্মে ২৫০০ এর মতো মুরগি ও বাচ্চা ছিল। রবিবার রাতে খাবার দিয়ে যাওয়ার পরে এদিন সকালে ফের দেখা হয়। তবে সকাল ১০টা নাগাদ ওই ফার্মে আগুন লেগে যায়। চারিদিকে বন্ধ থাকায় মুরগিগুলি বের হতে পারেনি। হঠাৎ করে আগুন গোটা ফার্মে ছড়িয়ে পড়ে। এরপর দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। 
আগুন দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। মালিক এসে গেট খুলে দেন। ফলে কিছু মুরগি উদ্ধার করা গিয়েছে। তবে পাশেই আরও একটি ফার্ম ছিল। সেই ফার্মে অল্পের জন্য আগুন ছড়ায়নি। 
এদিকে যেহেতু গ্রামের রাস্তা, ফলে দমকলকে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। অন্যদিকে, এত মুরগির মৃত্যু ঘিরে উদ্বিগ্ন পশুপ্রেমীরা। সঠিক নিরাপত্তা মেনেই ওই ফার্ম চালানো উচিত বলে তাঁরা জানিয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের দেখা উচিত বলে তাঁরা মনে করেন।  
সম্পর্কিত সংবাদ