Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পোল্ট্রিফার্মের বিষ্ঠায় ছড়াচ্ছে দূষণ, যৌথ বিক্ষোভে প্রায় ১২টি গ্রাম

পোল্ট্রিফার্মের বিষ্ঠায় ছড়াচ্ছে দূষণ, যৌথ বিক্ষোভে প্রায় ১২টি গ্রাম
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: কাশীপুরের কালিদহ গ্রাম পঞ্চায়েতের ছেলিয়ার ফার্মের পোলট্রির বিষ্ঠা গ্রামের অদূরে নদীর ধারে ফাঁকা মাঠে ফেলা হচ্ছে। যার ফলে দূষণ ছড়াচ্ছে। প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তারই প্রতিবাদ জানিয়ে রবিবার কালিদহ ও মনিহারা দুই গ্রাম পঞ্চায়েতের ১২টির বেশি গ্রামের বাসিন্দারা পোলট্রি ফার্ম ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পরে কর্তৃপক্ষের তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে।
Advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্তমানে শুধু মাঠেই নয়, এলাকার যত্রতত্র বিষ্ঠা ফেলে দেওয়া হচ্ছে। ফেলে দেওয়া সেই বিষ্ঠা বৃষ্টির জলে গলে সরাসরি নদীর জলে মিশছে। যার ফলে জল দূষণ হচ্ছে। পাশাপাশি রাস্তার ধারে ফাঁকা মাঠে বিষ্ঠা ফেলার জন্য এলাকা দুর্গন্ধময় হয়ে উঠছে। মাছির উপদ্রব বাড়ছে। বিষ্ঠার এই দূষণে তাঁরা অতিষ্ঠ। রাস্তা দিয়েও পার হওয়াটা মুশকিল হয়ে উঠছে। তাই তাঁরা বাধ্য হয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কাশীপুরের বিডিও সুপ্রিম দাসকে এনিয়ে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। কালিদহ গ্রাম পঞ্চায়েত প্রধান লক্ষ্মীনারায়ণ মাণ্ডি বলেন, অভিযোগ পাওয়ার পরেই ফার্ম কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছিল। তারা বিকল্প ব্যবস্থা করার কথা জানিয়েছে।
কাশীপুর ব্লকের শেষ সীমানায় রয়েছে কালিদহ গ্রাম পঞ্চায়েত। ছেলিয়া গ্রামের কাছে একটি বড় পোলট্রি ফার্ম গড়ে উঠেছে। সেই ফার্মের পোলট্রির বিষ্ঠা একটি মাঠ সহ বিভিন্ন জায়গায় ফেলা হচ্ছে। তার ফলে নদীর জল যেমন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, তেমনই দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে। প্রশাসনকে বিষয়টি বহুবার জানিয়েও কাজ হয়নি। তাই এদিন প্রতিবাদ জানিয়ে কেতনকিয়ারি, তুলদেড়িয়া, মনতোড়িয়া, ভাতুইকেন্দ, অহল্লাবাইদ, কিলাহি, সিয়াদার মতো ১২ থেকে ১৫টি গ্রামের মানুষ বিক্ষোভে শামিল হন।
বিক্ষোভে শামিল অশোক মাহাত, মনবোধ মাহাত, সঞ্জীব মাহাত বলেন, পোলট্রির বিষ্ঠা যত্রতত্র ফেলে দেওয়ার ফলে ডাঙরা নদীতে সরাসরি পড়ছে। ফলে ওই জলে স্নান করলে চর্মরোগ হচ্ছে। গবাদি পশুকে খাওয়ানো যাচ্ছে না। এলাকায় মাছির উপদ্রব বেড়েছে। রাস্তা দিয়েও পারাপার করতে সমস্যায় পড়তে হচ্ছে। ডিম উৎপাদনকারী কারখানা কর্তৃপক্ষ সহ সমস্ত জায়গায় বিষয়টি জানানো হলেও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই এদিন বিক্ষোভ দেখানো হয়। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন হবে।
পোলট্রি ফার্মের ম্যানেজার বিকাশ সাঁতরা বলেন, যে জায়গায় পোলট্রির বিষ্ঠা ফেলা হচ্ছে সেখানে ব্লিচিং ছড়ানো হবে। পাশাপাশি জলাশয়ের বিভিন্ন জায়গায় ব্লিচিং দেওয়া হবে। বিষ্ঠা যাতে ফাঁকা জায়গায় ফেলা যায়, তার জন্য জমি দেখার কাজ চলছে।
সম্পর্কিত সংবাদ