Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পোল্ট্রিফার্ম খোলার প্রতিবাদ করে ফাটল মাথা, গ্রেপ্তার দাদা-ভাইপো

পোল্ট্রিফার্ম খোলার প্রতিবাদ করে ফাটল মাথা, গ্রেপ্তার দাদা-ভাইপো
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ময়নাগুড়ি: বাড়ির পাশে পোল্ট্রিফার্ম তৈরি হলে দূষণ ছড়াবে।  তাই ফার্ম তৈরির প্রতিবাদ করেছিলেন ভাই। এতে ক্ষিপ্ত হয়ে অস্ত্র দিয়ে ভাইয়ের মাথায় ও পায়ে কোপ মারার অভিযোগ উঠল দাদা এবং ভাইপোর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত ধীরেন্দ্রনাথ রায় এখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জখমের স্ত্রী যশোদা রায় রবিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর কয়েকঘণ্টার মধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম সুরেন রায় এবং তার ছেলে দীপা প্রায়। জখমের মাথায় ন’টি সেলাই পড়েছে। এদিকে পায়ের একটি হাড়ে চি‌ড় ধরেছে বলে জানিয়েছেন জখমের স্ত্রী।
Advertisement
দাদা সুরেন এবং ভাই ধীরেন্দ্রনাথের বাড়ি পাশাপাশি। ধীরেন্দ্রনাথ জানতে পারেন দাদা সুরেন একটি পোল্ট্রিফার্ম খুলতে চলেছে। অভিযোগ, এই বিষয় নিয়ে ধীরেন্দ্র দাদার সঙ্গে আলোচনা করতে গেলে কোন্দল বেধে যায়।  সুরেনের ছেলে তার উপর হামলা করে। মাথায় ও পায়ে অস্ত্রের আঘাতে ধীরেন্দ্র মাটিতে পড়ে ছটফট করা শুরু করেন। তাঁদের এক আত্মীয় জখমকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই বিষয় নিয়ে অভিযুক্ত সুরেন রায় বলেন, মদ্যপ অবস্থায় এসে ভাই বাড়িতে ঝামেলা করছিল। সে প্রায়ই ঝামেলা করে। ভাইয়ের অত্যাচারে বাড়িতে থাকা যায় না। সে কারণেই মাথা গরম হয়ে গিয়েছিল। হঠাৎ ছেলে এমন কাণ্ড করে ফেলেছে।
এই ব্যাপারে পাল্টা জখমের স্ত্রী বলেন, মুরগির ফার্ম খুললে দূষণ আর দুর্গন্ধে  এখানে টেকা যাবে না। এই বিষয় নিয়ে আমার স্বামী ওর দাদার সঙ্গে কথা বলতে গিয়েছিল। আর তাতেই ওরা ক্ষিপ্ত হয়ে যায়। আমার স্বামীকে প্রাণে মারার চেষ্টা করেছে। মাথায় নটি সেলাই পড়েছে। ময়নাগুড়ি থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তর কঠোর শাস্তি চাই। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ