Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

১২ ঘণ্টার মধ্যে সিকিমে ফের ধস, অবরুদ্ধ সড়ক, ব্যাহত যান চলাচল

বারো ঘণ্টার মধ্যেই ফের ধস নামল সিকিমের বর্দাং ও ২০ মাইলে। আজ বৃহস্পতিবার সকালে ধসের জেরে এনএইচ-১০ এর ওই অংশে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে।

১২ ঘণ্টার মধ্যে সিকিমে ফের ধস, অবরুদ্ধ সড়ক, ব্যাহত যান চলাচল
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বারো ঘণ্টার মধ্যেই ফের ধস নামল সিকিমের বর্দাং ও ২০ মাইলে। আজ বৃহস্পতিবার সকালে ধসের জেরে এনএইচ-১০ এর ওই অংশে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। সেই জেরে সমস্যার মধ্যে পড়ে বহু মানুষ। বৃষ্টির জেরে পাহাড়ের উপর থেকে পলি, নুড়ি ও জল রাস্তায় নেমে আসায় ফের বিপর্যস্ত হয় সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত এই জাতীয় সড়ক। এরপর ধস নামার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজে নামে সিকিম প্রশাসন। ইতিমধ্যেই আর্থমুভার দিয়ে ধস সরানোর কাজ শুরু করা  হয়েছে। রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও কিছু মানুষ হেঁটে যাতায়াত করছেন। বিকেলের আগেই রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চলছে এমনটাই দাবি প্রশাসনের। 

Advertisement

জানা গিয়েছে, সিকিমের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এনএইচ-১০। চলতি বর্ষার মরশুমে এই জাতীয় সড়কের বর্দাং ও ২০ মাইলে একাধিকবার ধস নেমেছে। গতকাল বুধবারও দিনভর ধসের জেরে ওই অংশে যান চলাচল বন্ধ থাকে। এরপর সকাল থেকে ধস সরানোর কাজ চালিয়ে দুপুরের পর রাস্তা পরিষ্কার করা হয় এবং একমুখী যান চলাচল শুরু হয়। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে ফের ধস নেমে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির সময় পাহাড়ের উপর থেকে পলি, নুড়ি ও জল নেমে এসে বারবার রাস্তায় পড়ছে। ফলে এলাকাটি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। অপরদিকে সিকিমের আরও বেশ কিছু জায়গায় বৃষ্টির জেরে ধস নেমেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি উত্তর সিকিমেরও কয়েকটি রাস্তাও বন্ধ রয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কাজ চলছে বলে জানিয়েছেন সিকিম প্রশাসন। পাশাপাশি ধসের জেরে  মাঙ্গন, নামচু, গ্যাংটকেরও কিছু রাস্তা বন্ধ রয়েছে। অপরদিকে তুষারপাতের জেরে জিরোপয়েন্টেরও রাস্তা বন্ধ রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ