সংবাদদাতা, কালনা: বুধবার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে অভিযানে নামল কালনা পুরসভা। এদিন প্রচুর ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রচার অভিযানও চালানো হয়। কালনা শহরে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করার জন্য হ্যান্ডবিল ছড়িয়ে ও মাইকিং করে অভিযান চালায় পুরসভা। তা সত্ত্বেও একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করছিল। বুধবার সকালে কালনা পুরসভার কনজারভেন্সি দপ্তরের কাউন্সিলার অনিল বসু, পুরসভার আধিকারিক ও পুলিস শহরের বাজারে এই অভিযান চালায়। অনিলবাবু বলেন, শহরকে প্লাস্টিক মুক্ত রাখতে সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে পুরসভার নিজস্ব আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধারাবাহিকভাবে এই অভিযান চলবে।



