সংবাদদাতা, শান্তিনিকেতন: বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার লায়েকবাজারের কাছে পুলিসের উর্দিধারী এক যুবককে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তার সঙ্গে জলপাই রংয়ের গেঞ্জি পরা এক যুবক ছিল। দুইজনেই নেশাগ্রস্ত ও অপ্রকৃতস্থ ছিল বলে দাবি স্থানীয়দের। এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়ায় দুজনকে আটকে তাদের পুলিসের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তারা কেউই কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। উল্টে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও অপ্রকৃতস্থ আচরণ করতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দুই যুবককে ভুয়ো পুলিস সন্দেহে আটকে রাখা হয় বেশ কিছুক্ষণ। দুইজনই নিজেদের পুলিসকর্মী দাবি করলেও তারা কোন থানায় কর্মরত সেই বিষয়ে কোনও তথ্য দিতে পারেনি। পরবর্তীতে শান্তিনিকেতন থানার পুলিস এসে ওই দুই যুবককে স্থানীয়দের হাত থেকে উদ্ধার ও আটক করে নিয়ে যায়।
Advertisement
স্থানীয় বাসিন্দা উইলিয়াম দাস বলেন, দুই যুবকের একজন পুলিসের খাঁকি উর্দি পড়েছিল। তারা একটি বাইকে করে নেশাগ্রস্ত অবস্থায় হেলমেট ছাড়া যাচ্ছিল। তাদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করলে কোনও উত্তর দিতে পারেনি।



