নিজস্ব প্রতিনিধি,কলকাতা: দুর্গা বা কালী পুজো, আবার কখনও স্পোর্টসের নাম করে বিভিন্ন ব্যাটালিয়নের পুলিস কর্মীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা। বেতন থেকেই সরাসরি এই টাকা চলে যাচ্ছে। এনিয়ে বেজায় ক্ষুব্ধ পুলিসের নিচুতলা। বিষয়টি কানে যাওয়ার পরই সক্রিয় হয়েছে রাজ্য পুলিসের শীর্ষ কর্তারা। কেন টাকা কাটা হচ্ছে, তা নিয়ে অভ্যন্তরীণ খোঁজখবর শুরু হয়েছে।
Advertisement
রাজ্য পুলিসের বিভিন্ন ব্যাটালিয়ন বা ইউনিটের কোথাও দুর্গাপুজো বা কালীপুজো হয়। কোথাও আবার বিশ্বকর্মা পুজোও চালু রয়েছে। এই পুজোর খরচ চালানোর জন্য আলাদা ফান্ড রয়েছে। সেই টাকাতেও পুজো করার কথা। শীর্ষ কর্তারা জানতে পারছেন, বহু ব্যাটালিয়নেই কর্তব্যরত পুলিস কর্মীদের বেতন থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হয়েছে বিভিন্ন পুজোর সময়। বেতনের স্লিপ হাতে আসার পর তাঁরা জানতে পারেন টাকা কাটা গিয়েছে। কী কারণে টাকা কাটা হল তা অনেক সময়ই জানানো হচ্ছে না। এনিয়ে নিচুতলার পুলিস কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ রয়েছে দীর্ঘদিন ধরেই। ডিসিপ্লিনড ফোর্সের সদস্য হওয়ায় প্রকাশ্যে কেউ কিছু বলতে পারেন না। পুলিস ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে, বিভিন্ন ব্যাটালিয়ন বা ইউনিটে স্পোর্টস করানোর জন্য আলাদা ফান্ড রয়েছে। নিয়ম অনুযায়ী, বিভিন্ন পুলিস কর্মীদের বেতন থেকে এই টাকা কেটে নেওয়া হয়। তা জমা পড়ে ডিরেক্টরেটে। সেখান থেকেই বিভিন্ন ইউনিটকে স্পোর্টস ইভেন্ট আয়োজন করার টাকা পাঠানো হয়। কয়েকদিন আগে রাজ্য পুলিসের শীর্ষ কর্তারা জেনেছেন, এর বাইরেও নিচুতলার পুলিস কর্মীদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হচ্ছে। বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে। কারা এই কাজ করছেন, তার তথ্য জোগাড় করা হচ্ছে বলেই খবর।



