Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসকর্মীর নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু, যুবক আটক

পুলিসকর্মীর নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যু, যুবক আটক
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুলিস কর্মীর নাবালিকা মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় টামনা থানায় অভিযোগ দায়ের করল পরিবার। পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুরুলিয়া শহরের হুচুকপাড়ার এক যুবককে আটকও করে পুলিস। ওই যুবকের সঙ্গে নাবালিকার ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক ছিল। নাবালিকা নিখোঁজের আগের দিন ওই যুবকের সঙ্গে ফোনে কথাও হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। 
Advertisement
নাবালিকার পরিবারের অভিযোগ, গত ৩০ ডিসেম্বর সকালে তাঁরা ঘুম থেকে উঠে দেখেন, মেয়ে বিছানায় নেই। ঘরের দরজাও খোলা। পাঁচদিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে পুরুলিয়া শহরের ভাটবাঁধ থেকে ১৩ বছরের ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। দেহটি জলে ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। রবিবার নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়। 
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দেহটি কার্যত পচে ফুলে গিয়েছিল। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেহ থেকে সন্দেহজনক কিছু মেলেনি। প্রাথমিকভাবে নাবালিকার জলে ডুবে মৃত্যুর ইঙ্গিত মিলেছে। প্রশ্ন উঠছে, কীভাবে নাবালিকা জলে পড়ল? তাকে কি কেউ ঠেলে ফেলে দিয়েছে? যদি তাই হয়, তাহলে কী উদ্দেশ্যে? এই ঘটনার সঙ্গে কারা জড়িত? পুলিসের দাবি, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আরও কিছুদিন সময় লাগবে। রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ওই যুবক দিনমজুরি করত। ভাটবাঁধের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।
সম্পর্কিত সংবাদ