Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসকে মার, তৃণমূল নেতার ছেলে সহ ধৃত ২

পুলিসকে মার, তৃণমূল নেতার ছেলে সহ ধৃত ২
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ক্যাম্পের গেটের সামনে থেকে বাইক সরানোকে কেন্দ্র করে পুলিসের সঙ্গে বচসা। পুলিসের দুই আধিকারিককে হেনস্তার পাশাপাশি মারধর করার অভিযোগে গ্রেপ্তার শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির ছেলে এবং তাঁর এক বন্ধু। সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা পুলিস ক্যাম্পের সামনে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল মিজানুর হক ও দিলীপ রাম। তাঁদের বাড়ি তুলসীহাটায়।
Advertisement
মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুর হক শাসক দলের হরিশ্চন্দ্রপুর ১ (বি) শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আব্বাস আলির ছেলে। মিজানুরের মা মহবা বিবি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের শাসক দলের বিরোধী দলনেত্রী। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটা পল্লিমঙ্গল পাঠাগারের দ্বিতীয় তলায় রয়েছে পুলিস ক্যাম্প। সোমবার রাতে দুই যুবক মদ্যপ অবস্থায় ক্যাম্পের সামনে নিজেদের বাইক দাঁড় করিয়ে রেখেছিল। কর্তব্যরত কনস্টেবল ক্যাম্পের সামনে থেকে তাদের বাইক সরিয়ে নিয়ে যেতে বলেন। এরপরেই ওই দুই যুবক দুই পুলিস কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি পুলিস কর্মীদের মারধর করে বলে অভিযোগ। এরপর ক্যাম্পের অন্যান্য পুলিস কর্মীরা বাইরে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সেসময় ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লকের তৃণমূলের সভাপতি মার্জিনা খাতুন বলেন, পুলিস বিষয়টি তদন্ত করছে। আইন আইনের পথে চলবে। ছেলের গ্রেপ্তারি প্রসঙ্গে শাসক দলের নেতা আব্বাস আলি বলেন, আমার এবিষয়ে কিছু বলার নেই। পুলিসের সঙ্গে বচসা হয়েছে। তবে আমার ছেলে মদ খায় না। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযুক্তদের নামে নিদির্ষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আদালত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ