Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা নয়, সরাসরি মনোনয়ন! নন্দীগ্রামে বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানী

পুজোর আগেই ফের ভোটের ময়দানে নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই আগামী ৬ অক্টোবর হতে চলেছে উপনির্বাচন। দলীয়ভাবে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা নয়, সরাসরি মনোনয়ন! নন্দীগ্রামে বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানী
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: পুজোর আগেই ফের ভোটের ময়দানে নন্দীগ্রাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রেই আগামী ৬ অক্টোবর হতে চলেছে উপনির্বাচন। দলীয়ভাবে এখনও প্রার্থীর নাম ঘোষণা হয়নি। তার মধ্যেই মঙ্গলবার নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। সকাল ১১টা নাগাদ হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা রয়েছে। সোমবারই তাঁর নামে মহকুমা শাসকের দপ্তর থেকে ডিসিআর কাটা হয়েছে। 

Advertisement

মনোনয়ন জমা দেওয়ার আগে মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নন্দীগ্রামের রেয়াপাড়ার শিবমন্দিরে পুজো দেন হাসিরানী। এরপর নন্দীগ্রাম-১ ব্লকের জানকীনাথ মন্দিরেও পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে তিনি হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে পোঁছে মনোনয়ন জমা দেবেন। মনোনয়ন পর্বে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও হলদিয়ায় উপস্থিত থাকবেন । এই উপলক্ষে নন্দীগ্রাম থেকে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক হলদিয়ায় জমায়েত হবেন বলেও ধারনা।

চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ চণ্ডীপুরের বাসিন্দা। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে দলের অন্দরে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। স্থানীয় তিন নেতা মেঘনাদ পাল, প্রলয় পাল এবং অঞ্জন ভারতীর নাম প্রার্থী হিসেবে আলোচনায় ছিল। শেষ পর্যন্ত তাঁদের কাউকে বেছে না নিয়ে হাসিরানীকে প্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির। নন্দীগ্রামে ‘শহিদ জননী’ হিসেবে পরিচিত ফিরোজা বিবির পর আরও এক সন্তানহারা মায়ের নির্বাচনী ময়দানে নামা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আগেভাগে প্রার্থীর নাম ঘোষণা করলে দলের অভ্যন্তরে ক্ষোভ-বিক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। সেই পরিস্থিতি এড়াতেই শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে সরাসরি মনোনয়ন জমা দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি।

৬ অক্টোবর ভোটগ্রহণের পর ফলাফল ঘোষণা হবে ৯ অক্টোবর। ফলে দুর্গাপুজোর আগেই নন্দীগ্রামের মানুষ পেয়ে যাবেন নতুন বিধায়ক। মুখ্যমন্ত্রীর ছেড়ে যাওয়া আসন হওয়ায় এই উপনির্বাচনের ফলাফল যে রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করবে, তা নিয়ে কোনও সংশয় নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ