Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশিপাড়ার ধৃত জ্যোতিষীর বিদেশী মুদ্রা সঞ্চয় করাই নেশা

পলাশিপাড়ার ধৃত জ্যোতিষীর বিদেশী মুদ্রা সঞ্চয় করাই নেশা
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: চড়া সুদ ও টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে দু’ কোটি টাকার বেশি প্রতারণা করেছিল জ্যোতিষী সুন্দর ধর। তাকে জেরা করে চাঞ্চল্যকর সুত্র পেল পুলিস। শুক্রবার পলাশীপাড়া থানার পুলিস ওই জ্যোতিষীকে গ্রেপ্তার করে। তাঁকে পাঁচ দিনের জন্য হেফাজতে নিয়ে জেরা করে পুলিস জানতে পারে, সুন্দর গত পাঁচ বছরে বেশ কয়েকবার দুবাই ও সিঙ্গাপুর গিয়েছে। প্রতারণা করে পাওয়া টাকা বিদেশি মুদ্রায় রূপান্তরিত করেছে সে। তাতে খুব সহজেই লুকনো যাবে যে কোনও জায়গায়। পাঁচ দিনের পুলিসি হেফাজতের পর সুন্দরকে আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সুত্রে জানা গিয়েছে, আগে সুন্দর বিভিন্ন দোকানে মাল সরবরাহ করত। পরে জ্যোতিষ চর্চা শুরু করে। বিভিন্ন জায়গায় চেম্বার ছিল তার। তবে তাঁর জ্যোতিষীগিরি ভালো চলতো না। তখন থেকে তার মাথায় ঘুরতে থাকে সহজে বড়লোক হওয়ার ফন্দি। বিগত পাঁচ বছরে তাঁর সম্পত্তি ও টাকা বিপুল পরিমাণে বেড়েছে। সুন্দর একটা কোম্পানি খুলে বিভিন্ন এজেন্ট ঠিক করে টাকা তুলত। রেকারিং, ফিক্সড ডিপোজিট, মাসিক আয় প্রকল্প বিভিন্ন স্কিমে মানুষকে বেশি সুদ ও অল্প সময়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে টাকা তুলত। বেশ কয়েক মাস গ্রাহকদের নির্দিষ্ট হারে টাকা দেওয়ার পর ঝাঁপ গুটিয়ে নেয়। তার বিদেশ যাত্রার টাকা কোথা থেকে এল তা তদন্ত করে দেখছে পুলিস। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও বেশ কয়েকটি ব্যাঙ্কে টাকা আছে সুন্দরের। সেই সঙ্গে বেশ কয়েকজনের অ্যাকাউন্টে প্রতারণার টাকা গিয়েছে। তাদের নাম পুলিস পেয়েছে। তাদের জেরা করার জন্য ডাকা হবে। প্রয়োজনে সুন্দর ধরকে আবার পুলিসি হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে। জেরায় পুলিস আরও জেনেছে যে এই সব টাকা বিদেশি মুদ্রায়  রূপান্তরিত করা  হয়েছে। সেই বিদেশি মুদ্রা উদ্ধার করার চেষ্টা করছে পুলিস। 
সুন্দর ধরের আয়ের উৎস শুধু জ্যোতিষীগিরি থেকে যেঙ নয়, তা পুলিস জানতে পেরেছে। তাঁর আয়ের অন্যতম উৎস চিটফান্ড।  পলাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিতকুমার ঘোষ বলেন, আমরা তাঁর আয়ের উৎস সহ সব দিক খতিয়ে দেখছি। তদন্ত চলছে। প্রয়োজনে আবার সুন্দর ধরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কর হবে।
সম্পর্কিত সংবাদ