Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পলাশীপাড়ায় গ্রামে গ্রামে গাঁজাগাছ কাটছে পুলিস

পলাশীপাড়ায় গ্রামে গ্রামে গাঁজাগাছ কাটছে পুলিস
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: গাঁজাগাছ কাটতে পলাশীপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েতের গ্রামে গ্রামে ঘুরছে পুলিস। প্রায় একসপ্তাহ ধরে এই অভিযানে প্রায় শ’খানেক গাঁজাগাছ কেটে নষ্ট করা হয়েছে, যা থেকে ৫০ কেজির বেশি গাঁজা পাওয়া যেত বলে পুলিস মনে করছে। পলাশীপাড়া থানার বেশ কিছু গ্রাম হেরোইনের আঁতুড় হিসেবে পরিচিত। এখন আবার সেখানকার বেশ কিছু গ্রামে গোপনে গাঁজা চাষ করতেও দেখা যাচ্ছে। পুলিস একসপ্তাহ ধরে গোপীনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। একাধিক জমির গাঁজাগাছ কেটে নষ্ট করা হয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন গ্রামে হেরোইনের ব্যবসা চলছে। তরুণ ও যুবকরা এই নেশায় আসক্ত হয়ে পড়ছে। তার উপর গোপীনাথপুরে পুলিসের নজর এড়িয়ে গাঁজা চাষ চলছে। এই পঞ্চায়েতের পশ্চিমপাড়া, কবরস্থান লাগোয়া এলাকা, কারিগরপাড়া, সর্দারপাড়া সহ বিভিন্ন জায়গায় গাঁজা চাষ শুরু হয়েছে। কোনও কোনও বাড়ির পিছনে ফাঁকা জায়গায় এই গাছ লাগানো হয়েছে। আবার কোথাও কলাবাগানের পিছনে আড়াল করে গাঁজার চাষ চলছে। পশ্চিমপাড়া ও কবরস্থানের কাছে পাঁচ-দশ কাঠা জমির উপর এই চাষ করা হচ্ছিল। কিন্তু কেউই নিজের জমিতে গাঁজা চাষ করেনি। কেউ খাসজমিতে, কেউ বহুদিন ধরে পড়ে থাকা জমিতে চাষ করেছিল। ফলে পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
হেরোইন কারবার বন্ধ করতে এমনিতেই পুলিসকে হিমশিম খেতে হচ্ছে। তার মধ্যে গাঁজা চাষ শুরু হওয়ায় পুলিস উদ্বিগ্ন। সেজন্য একাধিক জায়গায় অভিযান চালিয়ে গাঁজাগাছ কেটে ফেলা হচ্ছে। পুলিস জানিয়েছে, কে বা কারা গাঁজা চাষে যুক্ত, সেবিষয়ে তদন্ত চলছে। অন্য পঞ্চায়েত এলাকাতেও গাঁজা চাষের খবর আছে। সেখানেও অভিযান চালানো হবে।
সম্পর্কিত সংবাদ