Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ রেজিনগরে

পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ রেজিনগরে
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রেজিনগরে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাল মৃতের পরিবারের লোকেরা। অভিযোগ, থানায় জানানোর পরেও পুলিস অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ কবরস্থ করা হবে না বলেই দাবি করেন মৃতের পরিবারের লোকেরা। 
Advertisement
জানা গিয়েছে, গত রবিবার গভীর রাতে রেজিনগরের পুরাতন চেকপোস্ট এলাকায় শাবানা বিবির বাড়িতে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে, শাবানার প্রাক্তন স্বামী এই ঘটনা ঘটিয়েছে। শাবানার দিদা লায়লা বিবি অগ্নিদগ্ধ হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে গ্রামে নিয়ে যায় পরিবারের লোকেরা। সে সময় ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। রেজিনগর থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। 
মৃতের পরিজনদের দাবি, গত কয়েকদিন ধরে শাবানাকে ফের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল ওর প্রাক্তন স্বামী। অথচ ছয় মাস আগে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। অন্য এক মেয়েকে বিয়ে করে ঘর সংসার করার পরেও মেয়েকে নিয়ে টানাটানি করছে। ও হুমকি দেওয়ার পরেই আমাদের বাড়িতে আগুন ধরে যায়। ওকে পুলিস গ্রেপ্তার করেনি। রেজিনগর থানার উপরে আমার ভরসা নেই।  এক পুলিস অফিসার বলেন, আমরা মামলা রুজু করে ঘটনার তদন্ত করছি। অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ