Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুলিস কর্মীদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে কাউন্সেলিং ও সেমিনার

পুলিস কর্মীদের মানসিক চাপ থেকে মুক্তি দিতে কাউন্সেলিং ও সেমিনার
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: পুলিস কর্মী, সিভিকদের মানসিক চাপ থেকে মুক্ত রাখতে কাউন্সেলিংয়ের পাশাপাশি মনোবিদ, গবেষকের উপস্থিতিতে অনুষ্ঠিত হল সেমিনার। রবিবার  তেহট্ট- ১ ব্লক অফিসের দীনবন্ধু মিত্র মঞ্চে এই সেমিনার হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ, এসডিপিও (তেহট্ট)  শুভতোষ সরকার সহ তেহট্ট মহকুমার সব থানার আইসি, ওসি থেকে পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়াররা।  এলাকার আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পুলিসের। পুলিসের চাকরিতে চাপ অনেক বেশি, পাওয়া যায় না ছুটিও। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না তাঁরা। কাজে ‘পান থেকে চুন খসলে’ উপর মহলকে জবাবদিহি করতে হয়। এতে তাঁরা মানসিক চাপের সামনে পড়েন। দেখা যায় অনেক সময়ে তাঁরা বাঁচার ইচ্ছেও হারিয়ে ফেলেন। নানা শারীরিক সমস্যা দেখা যায়। কিছুদিন আগে মায়াপুরে কর্মরত এক পুলিস কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়।  এই মানসিক চাপ থেকে পুলিস কর্মীরা যাতে মুক্ত হতে পারেন, তাই কৃষ্ণনগর পুলিস জেলার এই উদ্যোগ। এদিন মনোবিদ্যা গবেষক সুপর্ণা সরকার কাউন্সেলিংয়ের সঙ্গে সঙ্গে মানসিক চাপ থেকে কীভাবে মুক্ত হওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। মহকুমা পুলিস আধিকারিক শুভতোষ সরকার বলেন, পুলিসের চাকরি মানেই নানা চাপ। সেই মাসিক ও শারীরিক চাপ থেকে কীভাবে বেরনো সম্ভব সেই বিষয়ে একটি ক্লাস নিলেন মনোবিদ্যা গবেষক। প্রত্যেক রবিবার এটা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ