Bartaman Logo
৩ অক্টোবর, ২০২৬

স্বামীকে খুনের ষড়যন্ত্র! বিজেপি নেতার স্ত্রী সহ ছ’জনকে গ্রেপ্তার

অন্ধ্রপ্রদেশে বিজেপি নেতাকে খুনের ছক। নেপথ্যে তাঁরই স্ত্রী। যদিও পরিকল্পনা সফল হয়নি। গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতার স্ত্রী সহ ছজনকে।

স্বামীকে খুনের ষড়যন্ত্র! বিজেপি নেতার স্ত্রী সহ ছ’জনকে গ্রেপ্তার
  • ৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুপতি: অন্ধ্রপ্রদেশে বিজেপি নেতাকে খুনের ছক। নেপথ্যে তাঁরই স্ত্রী। যদিও পরিকল্পনা সফল হয়নি। গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতার স্ত্রী সহ ছজনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরবাইকে আগুন লাগানোর ঘটনার তদন্তে নেমে খুনের ষড়যন্ত্রের হদিশ মেলে। 

Advertisement

ঘটনার সূত্রপাত গত ১৩ সেপ্টেম্বর। এদিন রাতে বিজেপির মণ্ডল সভাপতি মুনিরাজুর মোটরবাইকে আগুন লাগে। যা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে বলে পুলিশকে জানান মুনিরাজু। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, এই ঘটনার কিছুদিন আগেই গণেশ চতুর্থির ফ্লেক্স লাগানো নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন মুনিরাজু। প্রাথমিকভাবে পুলিশ ধরে নেয় সেই ঘটনার প্রতিশোধ নিতেই বিজেপি নেতার বাইকে আগুন ধরানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ  খতিয়ে দেখে পুলিশ পাঁচ জনকে চিহ্নিত করে। জিজ্ঞাসাবাদ করলে তারা নেতার মোটরবাইকে আগুন লাগানোর কথা স্বীকারও করে নেন। তবে তদন্তের মোড় ঘোরে মুনিরাজুর স্ত্রী প্রশান্তির নাম সামনে আসার পর। পুলিশ প্রশান্তির সমাজমাধ্যমের কার্যকলাপ খতিয়ে দেখে জানতে পারে, বাইকে আগুন লাগানোর অভিযোগে ধৃত সাই নামে এক যুবকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। শুধু তাই নয়, মুনিরাজুর গতিবিধি সম্পর্কিত তথ্যও ওই যুবককে নিয়মিত জানাতেন প্রশান্তি। পুলিশের দাবি, প্রশান্তির আসল উদ্দেশ্য ছিল সাইয়ের সঙ্গে মিলে স্বামীকে খুন করা। বাকি অভিযুক্তরা ছিল তাদের সহযোগী। এর আগে একাধিক বার মুনিরাজুর উপর হামলা চালানো এবং তাঁকে খুনের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন ধৃতরা। যদিও কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি। মুনিরাজুর মোটরবাইকে আগুন লাগানোর ঘটনাটিও ওই ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর প্রশান্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ