লাতেহার: ঝাড়খণ্ডের লাতেহারের পালামৌ ব্যাঘ্র প্রকল্পে উদ্ধার দাঁতালের দেহ। বনদপ্তর সূত্রে খবর, শনিবার দুপুরে বেতলা রেঞ্জের তেলি পাহাড়ে হাতিটির দেহ উদ্ধার করা হয়। এই নিয়ে গত এক মাসে লাতিহারে তিনটি হাতির মৃত্যু হল। বেতলার রেঞ্জার উমেশ দুবে বলেন, ‘বৃহস্পতিবার তিন খোরিয়ায় অন্য একটি হাতির সঙ্গে লড়াইয়ের সময় গুরুতর জখম হয়েছিল ওই দাঁতালটি। নির্দিষ্ট জায়গায় পশুটির চিকিৎসা চলছিল। তবে সেখান থেকে আচমকা ওই হাতি অন্যত্র চলে যায়। শনিবার তেলি পাহাড়ের কাছে হাতিটির দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর দেহটি কবর দেওয়া হয়েছে।’



