নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পাল্লারোড ও শক্তিগড় স্টেশনের মাঝে বিহারের পাটনার এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। শনিবার রেল লাইনের পাশ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে জামালপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে পুলিস তাঁর পরিচয় জানতে পারেনি। পরে মানিব্যাগে থাকা মোবাইল নম্বর লেখা একটি কাগজ উদ্ধার হয়। সেই নম্বরের সূত্র ধরেই পুলিস জানতে পারে তাঁর বাড়ি বিহারে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পানাগড়ের বাসিন্দা রোহিত সিং বলেন, ও আমার আত্মীয়। কীভাবে ঘটনা ঘটল তা বোঝা যাচ্ছে না। পরিবারের লোকজন পাটনা থেকে আসছে। তাঁকে মেরে ফেলা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।



