Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এফআইআর খারিজের আরজি নাকচ, হাইকোর্টে অস্বস্তিতে টুলু , দিতেই হবে হাজিরা

হাইকোর্টে চরম অস্বস্তিতে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন টুলু।

এফআইআর খারিজের আরজি নাকচ, হাইকোর্টে অস্বস্তিতে টুলু , দিতেই হবে হাজিরা
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টে চরম অস্বস্তিতে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন টুলু। মঙ্গলবার টুলুর সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। আদালত জানিয়েছে, নিম্ন আদালতের নির্দেশমতো হাজিরা দিতে হবে তাঁকে।

Advertisement

২৮ জুলাই গভীর রাতে বীরভূমের মহম্মদবাজার থানার দেউচা গ্রামে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার হয়। পাওয়া যায় ১৫ কেজি সোনাও। কিন্তু টুলুর হদিশ মেলেনি। এরপরই তাঁর বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ। জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত টুলুকে আদালতে হাজিরার নির্দেশ দেয়। কিন্তু তিনি হাজিরা দেননি। উলটে গ্রেপ্তারি পরোয়ানা খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন ‘পলাতক’ টুলু। মঙ্গলবার তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী সিদ্ধার্থ দাভে। 
অন্যদিকে, পুলিশও মুখবন্ধ খামে টুলুর বিরুদ্ধে একটি রিপোর্ট জমা দেয়। সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, টুলু যে বিদেশে পালিয়ে গিয়েছেন, সে ব্যাপারে তদন্তকারী সংস্থার কাছে নির্দিষ্ট তথ্য রয়েছে। নিম্ন আদালতের নির্দেশ মতো তাঁর হাজিরা দেওয়া উচিত। তারপর কোনো কড়া পদক্ষেপ হলে জামিনের মতো আইনি পথ খোলা রয়েছে। এরপরই তাঁর আবেদন খারিজ করে দেয় আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ