নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রেপ্তারি এড়াতে ফের কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে জরুরি শুনানির আবেদন সুমিত রায়ের আইনজীবীর! যদিও বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, সুমিত রায়ের রক্ষাকবচ সংক্রান্ত এই মামলার আবেদনের দ্রুত শুনানি সম্ভব নয়। সুমিত রায় এই মুহূর্তে দু’টি মামলায় সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছেন। তারপরেই তিনি ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি-র মুখোমুখি হন। কিন্তু, তাঁর বিরুদ্ধে আরও চারটি মামলা রুজু করা হয়েছে। সেই মামলাগুলিতে গ্রেপ্তারি এড়াতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান সুমিত রায়। যা খরিজ হয়ে গেল।



