নয়াদিল্লি: কোটি কোটি টাকার প্রণামীর হদিশ নেই অযোধ্যার রামমন্দিরে। উদ্বোধনের দু’বছরের মধ্যেই ভক্তদের ভাবাবেগ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হয়েছে। এই অবস্থায় প্রণামী দুর্নীতির সিবিআই তদন্তের নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আবেদন করেছিলেন দুই আইনজীবী অজয় কুমার রাই এবং দীনেশ কুমার যাদব। সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি শীল নাগুকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়েছে, ‘আকাশ ভেঙে পড়বে না তো... এত তাড়া কিসের?’ গ্রীষ্মাবকাশ শেষে মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতিরা।
প্রণামীর অর্থ নয়ছয়ের তদন্তের জন্য একগুচ্ছ নির্দেশিকার আর্জি জানিয়েছেন অজয় এবং দীনেশ। এরমধ্যে রয়েছে, সিবিআইয়ের নেতৃত্বে বহুমুখী লক্ষ্য সাধনে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন। তাঁরা আবেদন করেন, অডিট ব্যবস্থা খতিয়ে দেখা, প্রণামীর অর্থের তদারকি এবং অর্থ রাখার নিয়মে কোথায় ফাঁক রয়েছে, এই বিষয়গুলিও সিটকে খতিয়ে দেখার নির্দেশ দিক আদালত। আবেদনের সপক্ষে তাঁদের যুক্তি, কয়েক প্রজন্মের আন্দোলনের ফসল এই রামমন্দির। সেই মন্দিরের অর্থ তছরুপের ঘটনা ভক্তদের মধ্যে বিরূপ প্রভাব ফেলেছে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যে মন্দিরকাণ্ডের তদন্তে সিট গঠন করেছে। তবে রাজ্য কোনো এফআইআর দায়ের করেনি। তাই সরকারের মনোভাব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।