Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হতে চলেছে শান্তিপুরে, বিশেষ দায়িত্ব পড়ুয়াদেরও

প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হতে চলেছে শান্তিপুরে, বিশেষ দায়িত্ব পড়ুয়াদেরও
  • ৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: মহকুমার দ্বিতীয় ব্লক হিসেবে পুরোদমে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট চালুর পথে শান্তিপুর ব্লক। ইতিমধ্যেই বাড়ি বাড়ি প্লাস্টিক বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, এই কাজে বিশেষ ‹দায়িত্ব› দেওয়া হচ্ছে স্কুল পড়ুয়াদেরও। এই বিশেষ পরিকাঠামোয় প্লাস্টিককে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে।

Advertisement

শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ পঞ্চায়েত এলাকার মালিপোতায় তৈরি করা হয়েছে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যা হাঁসখালি ব্লকের পর মহকুমায় দ্বিতীয় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। খরচ হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। ব্লকের দশটি পঞ্চায়েত এলাকা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে এই কেন্দ্রে। এর মধ্যে গরিষ্ঠাংশ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে রাস্তা তৈরির জন্য। ইতিমধ্যেই জোরকদমে চলছে ম্যানেজমেন্ট সিস্টেম তৈরির কাজ। রাস্তা নির্মাণের উপযুক্ত প্লাস্টিকের চিপস তৈরির যন্ত্র বসানো হবে শীঘ্রই। তবে বর্জ্য নিষ্কাশনের পঞ্চায়েত ভিত্তিক সংগ্রহের কাজের পাশাপাশি যুক্ত করা হচ্ছে স্কুলগুলিকেও। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্কুল থেকেও প্লাস্টিক বর্জ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কোন স্কুল থেকে কবে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ হবে তার নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে। সেই মতো সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়ারা তাদের বাড়ি থেকে প্লাস্টিক বর্জ্য নিয়ে আসবে স্কুলে। 
তা নিয়ে যাবে ব্লক প্রশাসন। সূত্রের খবর, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট কেন্দ্র পর্যন্ত পৌঁছনোর জন্য ৩৮টি ই-কার্ট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনের ভিত্তিতে ই-কার্টের সংখ্যা বাড়ানো হতে পারে। স্কুল থেকে বর্জ্য সংগ্রহ পরীক্ষামূলক ভাবে শুরু হলেও ভবিষ্যতে তার ব্যপ্তি বাড়ানো হতে পারে। 
বিষয়টি নিয়ে শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ বলেন, যত্রতত্র বর্জ্য ফেলার অভ্যাস আমরা পরিবর্তন করতে চাইছি। ৪০ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হয়েছে মালিপোতায়। আপাতত প্লাস্টিকের মাঝারি টুকরো তৈরির মতো পরিকাঠামো রয়েছে। তবে আরও ফাইন বা ক্ষুদ্র প্লাস্টিকের চিপস তৈরির জন্য একটি যন্ত্র বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। 
কারণ, সেই ধরনের টুকরো দিয়েই রাস্তা তৈরির কাজ করা সম্ভব। এছাড়া বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচার চলছে। মাইকিং করা হচ্ছে। স্কুলগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লাস্টিক মুক্ত ব্লক গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ