নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়াগ্রামে ফের পটমেলা আয়োজনের পরিকল্পনা হচ্ছে। ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে মেলার সম্ভাবনায় আশার আলো দেখছেন গ্রামের পটশিল্পীরা। গত বছর মেলা না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল শিল্পীদের ও গ্রামের ব্যবসায়ীদেরও। তাই এবছর মেলা আয়োজনের উদ্যোগ শুরু হতেই শিল্পীমহলে খুশির হাওয়া ছড়িয়েছে। তবে মেলার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, পিংলার নয়াগ্রামের পটচিত্রের খ্যাতি এখন রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশেও ছড়িয়ে পড়েছে। কয়েকশো বছর ধরে বংশ পরম্পরায় এই গ্রামের বাসিন্দারা পটশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের রঙিন তুলির আঁচড়ে ফুটে ওঠে রামায়ণ, মহাভারত থেকে শুরু করে নানা পৌরাণিক কাহিনি ও দেবদেবীর ছবি। এই শিল্পচর্চায় পিছিয়ে নেই গ্রামের গৃহবধূরাও। সংসারের কাজ সামলে দিনের বেশিরভাগ সময় তাঁরাও রং ও তুলির সঙ্গে কাটান।
গত বছর রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত মেলায় পটচিত্রের বিক্রি যথেষ্ট ভালো হয়েছিল। তাতে স্বাভাবিকভাবেই খুশি হয়েছিলেন গ্রামের শিল্পীরা। কিন্তু নিজেদের গ্রামে মেলা না হওয়ায় তাঁরা হতাশ হন। নয়াগ্রামের মেলাকে কেন্দ্র করে প্রতি বছর বহু মানুষের সমাগম ঘটে। শিল্পীদের তৈরি সামগ্রী কেনার পাশাপাশি গ্রামীণ সংস্কৃতি ও লোকশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান দর্শনার্থীরা।
এক পটশিল্পী জানান, গ্রামের মেলায় খাদির কাপড়ের উপর পটচিত্র আঁকা ওড়না ও টি-শার্টের চাহিদা সবচেয়ে বেশি থাকে। পাশাপাশি কাঁসার থালা, ট্রে, কেটলি, ছাতা, কুলো থেকে শুরু করে জলের বোতলেও পটচিত্র আঁকা হয়। এই সমস্ত সামগ্রী কিনতে দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন। গত শীতকালে নানা কারণে মেলা হয়নি।
গত মার্চ মাসে ভোটের আগে মেলা আয়োজনের পরিকল্পনা থাকলেও গরমের কারণে দর্শনার্থীদের উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত মেলা আয়োজন হয়নি। শিল্পীদের একাংশের দাবি, নিজেদের মধ্যে মতানৈক্য, দ্বন্দ্ব ও হিংসার পরিবেশও মেলা না হওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
পটশিল্পী মুস্তফা চিত্রকর ও সোনিয়া চিত্রকর বলেন, আমরা সকলেই চাই গ্রামে আবার মেলা হোক। আশা করছি খুব তাড়াতাড়ি মেলা আয়োজন করা সম্ভব হবে। তবে কবে মেলা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সকলে একসঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
সবংয়ের বিধায়ক অমল পণ্ডা বলেন, অবশ্যই মেলা হবে। বিশেষ কাজে বিধানসভায় যেতে হবে। সেখান থেকে ফিরে সকলের সঙ্গে আলোচনায় বসব। মাদুর ও পটশিল্পকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সকলের মতামত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



