পর্যটকদের রাত্রিবাসের পরিকাঠামো তৈরির পরিকল্পনা জলপাইগুড়ি দেবী চৌধুরানী মন্দিরে
  • ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তারক চক্রবর্তী, জলপাইগুড়ি: এক সময় রুকরুকা নদীতে বজরা চালিয়ে ভবানী পাঠক প্রতিষ্ঠিত মায়ের মন্দিরে আসতেন দেবী চৌধুরানী। সেই কাহিনীর সত্যতা আজও বয়ে নিয়ে চলেছে জলপাইগুড়ি শহরের গোশালা মোড়ের কালীমন্দির তথা দেবী চৌধুরানী মন্দির। এবারে সেই ইতিহাসকে সাধারণ পর্যটকদের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে উদ্যোগী হচ্ছে পর্যটন দপ্তর। পাশাপাশি মন্দির চত্বরে পর্যটকদের থাকার ব্যবস্থা করার পরিকল্পনাও করছে দপ্তর। রুকরুকা নদীকে সংষ্কার করে পাড় বাঁধিয়ে সৌন্দ্যর্যায়নের উদ্যোগও নেওয়া হবে।

Advertisement

ইতিহাসের সাক্ষী এই মন্দিরের টানে দূরদূরান্ত থেকে শত শত মানুষ আজও আসেন, ভক্তিভরে পুজো দেন। তবে থাকার ইচ্ছে থাকলেও জলপাইগুড়ি শহরের হোটেল বা লজ ছাড়া কোনো গতি নেই। তাই মন্দিরে রাতের ছমছমে পরিবেশ উপভোগ করতে চাইলেও পারেন না অনেকেই। এবারে পর্যটকেদের টানতে এই নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন দপ্তরের দাবি, এই উদ্যোগ নেওয়া হলে আগামীতে জলপাইগুড়ি শহরে এবং গ্রামাঞ্চলে আর্থসামাজিক পরিকাঠামোর উন্নতি হবে। কর্মসংস্থানের সুযোগ বাড়বে। ফলে যে সমস্ত মানুষ কাজের টানে অন্য জেলায় বা অন্য রাজ্যে যান তারা এখানেই রুটি রুজির ব্যবস্থা করতে পারবে। 
পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, একদিকে শিকারপুর অন্যদিকে, ভ্রামরী দেবী মন্দির। মাঝে জলপাইগুড়ি শহরের দেবী চৌধুরানীর মন্দির। আর এই মব্দিরকে নিয়ে কত কল্পকথা, কত ইতিহাস জড়িয়ে আছে। পর্যটন দপ্তরের দাবি, এই তিন মন্দিরকে মূলত ধর্মীয় পর্যটনের অঙ্গ হিসেবে সামনে রেখে, পাশাপাশি গজলডোবা ও মূর্তি সেতুর সুন্দর প্রাকৃতিক পরিবেশকে এক ছাতার নীচে নিয়ে এসে নতুন পরিকল্পনা নিয়ে রাজগঞ্জের বিজেপি বিধায়ক দীনেশ সরকার ইতিমধ্যেই পর্যটন দপ্তরের কাছে আর্জি জানিয়েছেন। সম্প্রতি পর্যটন মন্ত্রী শংকর ঘোষ নিজেই গোশালা মোড়ের দেবী চৌধুরানী মন্দির পরিদর্শন করেছেন। তিনিও বিষয়টি আরও পরিকল্পনা করে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য আশ্বাস দিয়েছেন। কয়েক কোটি টাকা খরচ করে ডিপিআর তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। তিনি আরও জানিয়েছেন, এছাড়াও জলপাইগুড়িতে বেশকিছু মন্দিরকে এই পর্যটন সার্কিটে রাখা যায়  কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 
রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার বলেন, আমরা এই মন্দিরগুলিকে একটি পর্যটন সার্কিটে রেখে ধর্মীয় পর্যটন ক্ষেত্র তৈরি করব। আমরা এবিষয়ে পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলেছি। খুব শীঘ্রই কাজ চালু হবে।