মস্কো: প্লেগের আতঙ্কে কাঁপছে রাশিয়া। সম্প্রতি এক গবেষকের মৃত্যু হয়েছে নিউমোনিক প্লেগে। অতি ছোঁয়াচে এই রোগে মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই আর কোনো ঝুঁকি নেয়নি প্রশাসন। গবেষকের সংস্পর্শে আসার সন্দেহে প্রায় ২০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পাঁচটি হাসপাতাল বন্ধ রেখেছে প্রশাসন। রুশ সংবাদমাধ্যমের খবর, সাইবেরিয়ার ইরকুটস্ক এলাকায় রয়েছে অ্যান্টি প্লেগ রিসার্চ ইনস্টিটিউট। সেখানেই ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন ২৮ বছরের তরুণী ডারিয়া শিপিলোভা। গত মঙ্গলবার প্লেগের উপসর্গ ধরা পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়েছে।



