সংবাদদাতা, কালনা: প্রায় এক বছর আগে প্রেমিকের হাত ধরে ভিনরাজ্যে পালিয়ে যাওয়া এক বধূকে হরিয়ানা থেকে উদ্ধার করল নাদনঘাট থানার পুলিস। মেয়েকে ফিরে পেয়ে খুশি বধূর বাপেরবাড়ির লোকজন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, নাদনঘাট থানা এলাকার বাসিন্দা ওই বধূ বছর তিনেকের ছেলেকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। বধূর বাপেরবাড়ির লোকজন তাঁর খোঁজ করেও কোনও সন্ধান পাননি। এরপরই গত এপ্রিল মাসে নাদনঘাট থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্ত শুরু করে। বধূর মোবাইল ফোন ট্র্যাক করতে গিয়ে পুলিস সমস্যায় পড়ে। ফোনটি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লোকেশন দেখাতে থাকে। এমন কী মাঝে মাঝে ফোন অফ হয়ে যায়। পুলিসও হাল ছাড়েনি। সোর্স মারফত সম্প্রতি জানতে পারে মহিলা হরিয়ানায় রয়েছে। এরপরই ১৫ ফেব্রুয়ারি নাদনঘাট থানার পুলিসের একটি দল হরিয়ানায় একটি বাড়ি থেকে ওই বধূকে সন্তান সহ উদ্ধার করে। বুধবার মহিলাকে নিয়ে পুলিস নাদনঘাট থানায় পৌছায়।



