Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পালে হাওয়া নেই, ফের এইমস ইস্যু উস্কে দিলেন বিজেপি সাংসদ

পালে হাওয়া নেই, ফের এইমস ইস্যু উস্কে দিলেন বিজেপি সাংসদ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিধানসভার এখন অনেক দেরি। তবে ফের রায়গঞ্জে এইমস গড়ার ইস্যু তুলে বাজার গরম করার খেলায় নামল বিজেপি। বৃহস্পতিবার দলের রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সাংবাদিক বৈঠক করে দাবি করলেন, রায়গঞ্জে এইমস তৈরির ক্ষেত্রে রাজ্যের সহযোগিতা চেয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন।
Advertisement
রায়গঞ্জের আগের সাংসদ বিজেপির দেবশ্রী চৌধুরী পাঁচ বছরে নিজের কেন্দ্রের জন্য কিছুই কাজ করেননি বলে অভিযোগ উঠেছিল দলে। ক্ষোভ এতটাই বেড়েছিল যে তাঁকে এই আসন থেকে সরিয়ে কলকাতায় লড়তে বলা হয়। বর্তমান সাংসদও যে গত ছ’মাসে বলার মতো কিছু করেছেন, তেমনটাও নয়। তাছাড়া রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল বলছে অনেক ভোট কমেছে বিজেপির।  সাংসদের এই উদ্যোগকে ‘রাজনৈতিক নাটকবাজি’ বলে মনে করছে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্ব। যেহেতু দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি গিয়েছে, তাই এব্যাপারে কোনও মন্তব্য করতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তর কথায়, নতুন নাটকবাজি শুরু করেছে বিজেপি। বিধানসভা এবং লোকসভায় বিজেপির ভোট কমেছে বলে নতুন ছক কষছে। রায়গঞ্জ থেকে এইমস সরিয়ে নিয়ে যাওয়ার পিছনে রাজ্যের শাসক দল ও বিজেপি দায়ী।
২০০৯ সালে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন। সেবছর ৮২৩ কোটি টাকা বরাদ্দও করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। 
তখন জমি পরিদর্শন থেকে শুরু করে নানা পদক্ষেপ নিয়েছিল। পরে কল্যাণীতে এইমস গড়ে ওঠে। এ প্রসঙ্গে মোহিতের মন্তব্য, কেন্দ্র মনে করলে উত্তরবঙ্গে এইমস করতেই পারে। কিন্তু ওরা লোকসভা নির্বাচন এলে শুধু প্রতিশ্রুতি দেয়। কাজের কাজ কিছু হয় না।
সম্পর্কিত সংবাদ