সংবাদদাতা, করণদিঘি: পুকুর থেকে উদ্ধার ডিজিটাল রেশন কার্ড। এক দুটি নয়, প্রায় একশো রেশন কার্ড পাওয়া গেল করণদিঘি ব্লকের রসাখোয়া ২ গ্ৰাম পঞ্চায়েতের ডাটিপাড়া গ্ৰামের একটি পুকুর থেকে। জলে রেশন কার্ড পড়ে থাকায় এলাকায় শোরগোল পড়ে যায়। সোমবার সকালে পুকুরের জলে রেশন কার্ডগুলি ভেসে থাকতে দেখেন এলাকার কয়েকজন। তারপর দুইয়ে দুইয়ে চার হয়। অনেকে ভিড় জমান পুকুরপাড়ে। খবর পেয়ে পুকুরের জল থেকে রেশনকার্ডগুলি তুলে নিয়ে যায় রসাখোয়া ফাঁড়ির পুলিস। কীভাবে কার্ডগুলি পুকুরে এল? কারা ফেলল তা নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায়। রসাখোয়া খন্তা গ্ৰামের বাসিন্দা মনোজ সিংহ বলেন, উদ্ধার হওয়া রেশন কার্ডগুলিতে তিন রেশন ডিলারের নাম রয়েছে। নামগুলি হল হরেকৃষ্ণ সিংহ, রমা নন্দন, শেখ কবির। এক ডিলার বলছেন, যে নামের কার্ডগুলি পুকুর থেকে উদ্ধার হয়েছে, সেই কার্ডের রেশন তোলেন উপভোক্তারা। খাদ্য দপ্তর সূত্রে খবর, যাঁরা কোনও কারণে দুবার আবেদন করেছেন, তাঁদের রেশন কার্ড দ্বিতীয় বার চলে এসেছে। এমন কার্ডগুলিই হয়তো জলে ফেলে দেওয়া হয়েছে। পুকুর থেকে রেশন কার্ড উদ্ধারের বিষয়টি জানেন না করণদিঘি ব্লকের খাদ্য সরবরাহ আধিকারিক আব্দুল ওয়াসিম। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান।



