সংবাদদাতা, কুমারগ্রাম: রবিবার কুমারগ্রাম ব্লকের অসম-বাংলা সীমানার পাকরিগুড়ি উত্তরপাড়া এলাকায় মাদক বিরোধী আন্দোলনে নামা মহিলাদের নিয়ে সভা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায়, দলের ভল্কা-বারোবিশা-২ অঞ্চল সভাপতি সুবলচন্দ্র দাস, সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ দাস সহ অন্যরা ওই সভায় উপস্থিত ছিলেন। সভায় মহিলাদের মতামত শোনে তৃণমূল নেতৃত্ব। মাদক বিরোধী আন্দোলনে নামা মহিলাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর পাকরিগুড়ি উত্তরপাড়ার এক মাদক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হন এলাকার পুরুষ ও মহিলারা। তার বাড়ি থেকে উদ্ধার হয় নেশাজাত বিভিন্ন সামগ্রী ও একটি এয়ার গান। এই ঘটনার পর অভিযুক্ত প্রসেনজিৎ সরকার ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান। ঘটনার পর এখনও ওই বাড়িতে পুলিস মোতায়েন রয়েছে। ধীরেশচন্দ্র রায় বলেন, মাদকের বিরুদ্ধে আন্দোলনে নামা মহিলাদের পাশে আমরা রয়েছি। এই ধরনের অসামাজিক কাজকে কোনও মতেই বরদাস্ত করা হবে না।



