সংবাদদাতা, চাঁচল: বাড়ির পাশের পুকুর থেকে ভেসে উঠল নিখোঁজ এক ইলেকট্রিক মিস্ত্রির দেহ। শনিবার দুপুরে মালদহের চাঁচল থানার আশাপুরগামী রাজ্যসড়কের ধারে পাঁচরাক্ষা চয়নটোলার ঘটনা। মাথায় আঘাত থাকায় খুনের অনুমান করছেন মৃতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিস। মৃতের নাম জিয়াউল হক (৪৭)। তদন্ত করতে গিয়ে রাজ্যসড়কে রক্তের দাগ দেখতে পান পুলিস আধিকারিকেরা। জানা গিয়েছে, মৃতের পরিবারে রয়েছে স্ত্রী সহ এক ছেলে ও বউমা। বাবার মৃত্যুর খবর পেয়ে ছেলে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছেন। শুক্রবার রাতে সাইকেল নিয়ে বাইরে বের হন জিয়াউল। রাত পেরিয়ে ভোর হলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁর স্ত্রী। এদিন দুপুরে বাড়ির পিছনে পুকুরে অর্ধনগ্ন দেহ ভাসতে দেখেন এলাকাবাসী। তাঁর স্ত্রী আশরফি বিবির কথায়, স্বামীকে কেউ বা কারা খুন করেছে। থানায় অভিযোগ জানাব।
Advertisement
মৃতের স্ত্রী জানান, কয়েকদিক আগে রাজ্যসড়কের উপর কালভার্টে বসে রাতে এক যুবক আড্ডা দিচ্ছিল। তাকে এখানে আসতে নিষেধ করায় প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় বাসিন্দা রেজুয়ান হক চৌধুরী বলেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটা খুনই হতে পারে। পুলিস তদন্ত করুক। চাঁচল থানার এক আধিকারিক বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।



