সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার কোতুলপুরের দেশড়ায় নিখোঁজ এক ব্যক্তির মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম অভিজিৎ সাঁতরা(৩১)। অভিজিৎবাবু রবিবার থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরের জলে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখে পুলিসকে খবর দেন। পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতের এক ভাই হরেন সাঁতরা বলেন, অভিজিৎ দিনমজুরি করত। রবিবার কাজ থেকে এসে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায়। কিন্তু আর ফিরে আসেনি। তারপর খোঁজাখুঁজি করা হয়। পুলিসের কাছে নিখোঁজের ডায়েরি করা হয়।



