নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মামার বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুকন্যার। মৃতের নাম রাধিকা রায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানার তোড়লপাড়া কাঠেরব্রিজ এলাকার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে খবর, শিশুটির বাবার নাম বাপি রায়। তিনি পেশায় রাজমিস্ত্রি। বাড়ি কোতোয়ালি থানার বামনপাড়ায়। গত এক বছর ধরে শিশুটি মামার বাড়িতেই থাকত।
Advertisement
মঙ্গলবার সকালে মামার বাড়ির সামনে পুকুর ধারে খেলা করছিল। পুকুরে সেভাবে জল নেই। কিন্তু পুকুরের মাঝে একটি গর্তে ভালোই জল রয়েছে। কোনওভাবে শিশুটি ওই গর্তে পড়ে যায়। আশপাশের লোকজন টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুপুরে জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে ময়নাতদন্ত হয়। শিশুকন্যাকে হারিয়ে সেখানে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার।



