নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আসানসোলে পুলিসের জালে আরও এক প্রোমোটার। আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাটের অভিযোগে গ্রেপ্তার হলেন শিল্পাঞ্চলের অন্যতম বড় জমি কারবারি চন্দন শর্মা। অণ্ডাল থানার কাজোড়া এলাকার এই ব্যবসায়ীর বাড়ি। তিনি আসানসোল, দুর্গাপুরে একাধিক বড় আবাসন নির্মাণ করেছেন। বিভিন্ন ক্ষেত্রেই তাঁর আবাসন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। দুর্গাপুরের গোপালমাঠে নালন্দা আবাসন এডিডিএর এনওসি ছাড়াই গড়ে তোলার অভিযোগ রয়েছে। এবার আসানসোল উত্তর থানায় আস্ত একটি পুকুর ভরাট করে প্লটিং করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুরসভার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিস। তারপরই এদিন অভিযুক্তকে আসানসোল উত্তর থানায় ডেকে পাঠানো হয়। দীর্ঘ জেরার পর বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
এডিডিএর প্রাক্তন চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সেইসময় নালন্দা আবাসনকে আইন ভাঙার নোটিস দিয়েছিলাম। তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কোনও বেনিয়ম বরদাস্ত করা হবে না।



