Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকনিকের নামে যুবককে ডেকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার ২

পিকনিকের নামে যুবককে ডেকে পিটিয়ে মারার ঘটনায় গ্রেপ্তার ২
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: মায়াপুরে পিকনিকে ডেকে যুবককে ব্যাপক মারধর এবং তার জেরে মৃত্যুর ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হল। পলাতক বাকি তিন‌ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিস। জানা গিয়েছে, মায়াপুরে প্রায় দু’মাস আগে পিকনিক করার নাম করে ডেকে নিয়ে গিয়ে পূর্বের রাগবশত প্রতিবেশী এক যুবক কমল ঘোষকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও যুবককে বাঁচানো যায়নি।  মঙ্গলবার ভোরে ধুবুলিয়া থানা এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম প্রতাপ ঘোষ ও উদয় ঘোষ। বাড়ি মায়াপুরের শ্রীনাথপুরে। এদিন ধৃত প্রতাপ ঘোষ ও উদয় ঘোষ দু’জনকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক প্রতাপ ঘোষকে ৭ দিনের পুলিস হেফাজত এবং উদয় ঘোষকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন পিকনিক করার নাম করে ডেকে নিয়ে যায় শ্রীনাথপুরের কমল ঘোষকে। অভিযোগ,  এরপর তাকে বেধড়ক মারধর করে গুরুতর জখম করে প্রতিবেশী পাঁচ যুবক। গুরুতর অবস্থায় কমলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কমলকে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় মাস পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় কমলের। মারধরের ঘটনার পরে গত ২৩ সেপ্টেম্বর কমল ঘোষের বাবা লক্ষ্মণ ঘোষ নবদ্বীপ থানার পুলিসের কাছে পাঁচজনের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সকলেই পলাতক ছিল। অভিযুক্তদের খোঁজে পুলিস  বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তবে এখনও বাকি ৩ অভিযুক্ত পলাতক। বাকিদের খোঁজ পেতে বিভিন্ন জায়গায় সন্ধান চালাচ্ছে পুলিস।
সম্পর্কিত সংবাদ