সংবাদদাতা, নবদ্বীপ: মায়াপুরে পিকনিকের নামে যুবককে ডেকে পিটিয়ে মারার ঘটনায় বাকি তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। বুধবার সকালে তাদেরকে চরগদখালি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে অজয় ঘোষ, মিঠুন ঘোষ ও দেবাশিস ঘোষ। এদিন অভিযুক্তদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক এক অভিযুক্ত অজয় ঘোষের পাঁচ দিনের পুলিস হেফাজত এবং বাকি দুজনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় জড়িত প্রতাপ ঘোষ ও উদয় ঘোষ নামে দুজন অভিযুক্তকে পুলিস কয়েকদিন আগে গ্রেপ্তার করেছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন পিকনিক করার নাম করে তারা ডেকে নিয়ে যায় শ্রীনাথপুরের কমল ঘোষকে। অভিযোগ, এরপর তাকে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় কমলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কমলকে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় মাস পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় কমলের। ঘটনায় পরে গত ২৩ সেপ্টেম্বর কমল ঘোষের বাবা লক্ষ্মণ ঘোষ নবদ্বীপ থানার পুলিসের কাছে পাঁচজনের বিরুদ্ধে মারধর,খুনের চেষ্টা সহ একাধিক ধারায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিল। ওই ঘটনায় জড়িত সকলকেই গ্রেপ্তার করল পুলিস।



