Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকনিকের মরশুম শুরুর আগে রাস্তা সংস্কারের দাবি বাসিন্দাদের

পিকনিকের মরশুম শুরুর আগে রাস্তা সংস্কারের দাবি বাসিন্দাদের
  • ১৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শীতলকুচি: ডিসেম্বরে পিকনিকের মরশুমের আগে শীতলকুচির কান্তেশ্বর গড় উদ্যানে যাওয়ার বেহাল রাস্তা সংস্কারের দাবি উঠেছে। লালবাজার গ্রাম পঞ্চায়েতের বটতলা চৌপথি থেকে গড় উদ্যান পর্যন্ত প্রায় দেড় কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল বলে অভিযোগ স্থানীয়দের। ঐতিহাসিক ওই গড়কে কেন্দ্র করেই ২০১২ সালে বনদপ্তরের উদ্যান ও কানন বিভাগের অর্থে কান্তেশ্বর গড় উদ্যান তৈরি হয়। প্রতিবছর কোচবিহার জেলা সহ পার্শ্ববর্তী জেলার বাসিন্দারা এই গড় উদ্যানে ঘুরতে ও পিকনিক করতে আসেন। কিন্তু, বেহাল রাস্তার কারণে যাতায়াতে সমস্যায় পড়তে হয় বাসিন্দা সহ পর্যটকদের। তাই শীত পড়তেই রাস্তা সংস্কারের দাবি জোরালো হয়েছে।
Advertisement
বাসিন্দাদের  অভিযোগ, রাস্তার বিভিন্ন জায়গা থেকে পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত হয়ে আছে। বেহাল রাস্তার কারণেই মাঝেমধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে। স্থানীয় বাসিন্দা হারুন আল রশিদ, সুজিতচন্দ্র বর্মন বলেন, প্রায় একবছর আগে গড় উদ্যান সংলগ্ন কিছুটা রাস্তায় পেভার্স ব্লক বসানো হয়েছে। কিন্তু সিতাই-শীতলকুচি রাজ্য সড়কের বটতলা বাজার থেকে বাকি রাস্তার সংস্কার আজও হয়নি। ফলে পর্যটকরা সমস্যায় পড়ছেন। সেই কারণেই দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাই। 
লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় জানান, বাসিন্দারা বিষয়টি জানিয়েছেন। রাস্তা সংস্কারের বিষয়টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নজরেও আনা হয়েছে। রাস্তা সংস্কারের বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন। 
সম্পর্কিত সংবাদ