Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকনিকের মরশুমে চোরাপথে ভিন রাজ্য থেকে আসছে কচ্ছপ, বালুরঘাটে পুলিসের জালে যুবক

পিকনিকের মরশুমে চোরাপথে ভিন রাজ্য থেকে আসছে কচ্ছপ, বালুরঘাটে পুলিসের জালে যুবক
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পিকনিকের মরশুম। বালুরঘাটবাসী মজেছেন আনন্দে। মাটন-চিকেন অতীত। পিকনিকের জন্য কচ্ছপের মাংসের চাহিদা তৈরি হয়েছে। নিষিদ্ধ বলে চোরাপথেই ভিনরাজ্য থেকে বালুরঘাটে আসছে কচ্ছপ। গঙ্গারামপুরের পর শুক্রবার বালুরঘাটের কামারপাড়ায় কচ্ছপ উদ্ধারে সেই তথ্যই সামনে এল। কামারপাড়া হাট থেকে ২০টি কচ্ছপ সহ এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। ধৃতের নাম সাগর মালি(২৫)। সে  হিলি থানার অন্তর্গত বালুপাড়ার বাসিন্দা। 
Advertisement
পুলিসের অনুমান, উত্তরপ্রদেশ থেকে কচ্ছপগুলি আনা হয়েছিল। সেই কচ্ছপগুলি কামারপাড়া হাঁটে গোপনে বিক্রি করতে বসেছিল ওই যুবক। পুলিসি অভিযানে সেই কচ্ছপগুলি উদ্ধার হয়। যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিস  কচ্ছপগুলি উদ্ধার করে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে কীভাবে সেগুলি আনা হচ্ছে, পুরো ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে। 
পুলিস সূত্রে খবর, উদ্ধার করা কচ্ছপগুলি বালুরঘাট বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে। কচ্ছপ নিয়ে জেলাজুড়ে নজরদারি চালাচ্ছে বনদপ্তর।  এবিষয়ে বালুরঘাট বনদপ্তরের রেঞ্জার তাপস কুণ্ডু বলেন, কিছুদিন আগে গঙ্গারামপুরে কচ্ছপ উদ্ধার হয়েছে। বালুরঘাটেও এদিন কচ্ছপ উদ্ধার হল জেলাজুড়েই কচ্ছপ নিয়ে আমরা নজরদারি চালাচ্ছি। 
বনদপ্তরের তরফে জানা গিয়েছে, আগে জেলার বড় বড় হাটগুলিতে কচ্ছপ প্রকাশ্যে বিক্রি হত। ইদানিং কালে পুলিস ও বনদপ্তরের ধরপাকড়ের জেরে গোপনে কচ্ছপগুলি ভিন জেলা থেকে আনা হয়। গতকাল রাতে বালুরঘাটের কামারপাড়ায় হাট বসেছিল। ওই হাতেই রাতের বেলায় গোপনে কচ্ছপ বিক্রি হচ্ছিল। বস্তায় লুকিয়ে সেই কচ্ছপগুলি বিক্রি হচ্ছিল। সেই সময় পুলিস হাতেনাতে গিয়ে সেটা ধরে ফেলে।
সম্পর্কিত সংবাদ