Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকনিকের মরশুমে আদিনায় প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা

পিকনিকের মরশুমে আদিনায় প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: আদিনা ফরেস্টের কাছে বনভোজনের জায়গাগুলিতে থার্মোকলের পাতা এবং প্লাস্টিকের গ্লাস ব্যবহার করা যাবে না। স্থানীয় ব্লক প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করেছে। নির্দেশ কার্যকর করতে ওই জায়গাগুলিতে বোর্ড টাঙিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পিকনিকের মরশুমে প্লাস্টিকের পাতা ও গ্লাসের পরিবর্তে শালপাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কাগজের কিংবা মাটির গ্লাস ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। আদিনা সংলগ্ন এলাকায় দূষণ কমাতে এই সিদ্ধান্ত। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, আদিনায় পিকনিকের সময় প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না। 
Advertisement
কিছুদিন পর সেখানে বোর্ড টাঙিয়ে দেওয়া হবে।  ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে আদিনায় বনভোজনের ধুম লেগে যায়। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আদিনার পাশে পিকনিক করতে আসেন। অভিযোগ, পিকনিকের পর সেখানে  থার্মোকলের পাতা এবং প্লাস্টিকের গ্লাস ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাতে  পর্যটনকেন্দ্রের পরিবেশ নষ্ট করে। 
গ্রামবাসীদের একাংশের দাবি, নির্দেশ সত্ত্বেও কিছু মানুষ পিকনিক করতে এসে থার্মোকলের পাতা এবং প্লাস্টিকের গ্লাস ব্যবহার করেন। সেগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফুলমণি মুর্মু বলেন, আদিনা আমাদের মধ্যে পড়ে। আমরা এবার পিকনিক করতে আসা মানুষকে শালপাতা  আনার জন্য অনুরোধ করব। 
প্লাস্টিক বর্জন করতে হবে। প্লাস্টিকের গ্লাসের বদলে কাগজ বা মাটির গ্লাস ব্যবহার করা যেতে পারে। আদিনার বিভিন্ন জায়গায় নোংরা ফেলার নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে। এতে এখানকার পরিবেশ ঠিক থাকবে।
সম্পর্কিত সংবাদ