সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরা টিপুখোলায় পিকনিক চলাকালীন পিকনিক স্পটের পাশে হাজির গজরাজ। হাঁড়ি করাই নিয়ে এদিক ওদিক ছুটল পিকনিক পার্টিরা। বনদপ্তরের কর্শিয়াং ডিভিশনের বাগডোগরা সংরক্ষিত বনাঞ্চলের ভিতর রয়েছে টিপুখোলা ইকো ট্যুরিজম স্পট। সারাবছর ওই স্পটে মানুষজনের আনাগোনা লেগেই থাকে। বড়দিনের দিন থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত প্রচুর পিকনিক পার্টি ভিড় করে। শনিবার দুপুর নাগাদ যখন সকলে পিকনিকের আমেজে ভরপুর, সেই সময় গভীর জঙ্গল থেকে একটি হাতি এসে পড়ে ওই পিকনিক স্পট সংলগ্ন এলাকায়। তা দেখেই পিকনিকে আসা মানুষজন এদিক ওদিক ছুটতে শুরু করে। অনেকেই মহিলা ও বাচ্চাদের নিয়ে এসেছিলেন পিকনিকে। স্বাভাবিকভাবেই তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে স্পটে থাকা বনদপ্তরের কর্মীরা সাইরেন বাজিয়ে সকলকে ওই এলাকা থেকে দূরে নিরাপদ স্থানে সরিয়ে দেন। এরপর বাজি ফাটিয়ে সাইরেন বাজিয়ে হাতিটিকে গভীর জঙ্গলে ফেরান হয়। বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, ইকো ট্যুরিজম স্পটের আশেপাশেই মূলত থাকে হাতি। প্রায় দিনই হাতির আনাগোনা দেখা যায়। বনদপ্তরে কর্মীরা ওইদিন বেশ তৎপরতার সঙ্গে হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে দেন।



