নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: বেলপাহাড়ী এলাকায় পর্যটকদের দায়িত্বজ্ঞানহীনতায় গলায় খাবার আটকে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম সহদেব গড়াই (২১)। বাড়ি বেলপাহাড়ী থানার ঢেলাইদিহা গ্ৰাম পঞ্চায়েতের রংপুর গ্ৰামে। বুধবার বিকেলে তারাফেনি নদীর পাড়ে পিকনিক এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। পিকনিক পার্টির দেওয়া খাবার খেয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, গলায় সমস্যার জন্য খাবার খেলে তাঁকে অতিরিক্ত জল খেতে হতো। বুধবার দুপুরে নদীর ধারে পিকনিক করতে আসা পর্যটকদের কাছে গিয়েছিল সহদেববাবু। বিকেল পর্যন্ত বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। সন্ধ্যার দিকে নদীর ধারে ত্রিপলের উপর ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। গ্ৰামবাসীরা তাঁকে নিকটবর্তী শিলদা প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পিকনিক পার্টির লোকজন ওই যুবককে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যেত। কিন্তু তারা ওই যুবককে ফেলে পালিয়ে যায়। মৃত যুবকের বাবা অজিত গড়াই বলেন, ছেলের স্নায়ুর সমস্যা ছিল। খাবার খাওয়ার সময় সবসময় নজর রাখা হতো। অতিরিক্ত জল খেতে হতো। ছেলে বাড়ির বাইরে খুব একটা যেত না। বাইরের লোকজন গ্ৰাম সংলগ্ন তারাফেনি নদীর ধারে পিকনিক করতে আসছে। তা দেখে ছেলে ওখানে চলে গিয়েছিল। পিকনিকের কোনও দল সম্ভবত তাকে খাবার খেতে দেয়। যার জেরেই এই ঘটনা ঘটেছে। ছেলের অবস্থা খারাপ দেখে ওরা পলিথিনের উপর ওকে শুইয়ে পালিয়ে যায়। ওই গ্রামের বাসিন্দা তরুণ গড়াই বলেন, আমরা গিয়ে দেখি পিকনিক পার্টির লোকেরা পালিয়ে গিয়েছে। ত্রিপলের উপর ছেলেটা পড়ে আছে। পিকনিক পার্টির এমন অমানবিক আচরণ ঠিক নয়।



