সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: মালদহের পুখুরিয়া থানার কোকলামারি গ্রামে শনিবার রাতে ফতেপুর গম্ভীরা দলের উদ্যোগে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন করা হল। ফতেপুর গম্ভীরা দল এবং দাদা ভাই মনসা গান দলের যৌথ উদ্যোগে জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা ও মনসা গান নিয়ে আলোচনা চক্রের আয়োজন করা হয়। এই প্রসঙ্গে জেলার অন্যতম গম্ভীরা শিল্পী নঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলু মণ্ডল বলেন, বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন উপলক্ষ্যে জেলার ঐতিহ্য গম্ভীরা গানের প্রসারের লক্ষ্যে এই আলোচনা চক্রের আয়োজন করা হয়। জেলার ঐতিহ্য গম্ভীরা গান ও মনসা গানের অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। আলোচনা শেষে ফতেপুর গম্ভীরা দলের ক্যালেন্ডার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



