Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ঘিরে বিক্ষোভ-অবরোধ, তপ্ত নিয়ামতপুর

পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু ঘিরে বিক্ষোভ-অবরোধ, তপ্ত নিয়ামতপুর
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রবিবার কুলটি থানার নিয়ামতপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় বা‌ইক চালকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মণিলাল সাউ(৪৬)। বাড়ি স্থানীয় মহাবীর চক এলাকায়। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এই এলাকায় একের পর এক দুর্ঘটনা ঘটলেও পুলিস উদাসীন। পরে পুলিসি আশ্বাসে সেই সময় অবরোধ ওঠে। কিন্তু ময়নাতদন্তের পর এদিন সন্ধ্যায় ফের দেহ এনে অদূরে রাধানগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। ফের পুলিসি আশ্বাসে বিক্ষোভ ওঠে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে নিয়ামতপুরের ইস্কো বাইপাস রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থেকে পুরুলিয়া অভিমুখে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। উল্টো দিক থেকে বাইক নিয়ে নানা সামগ্রী ফেরি করতে আসছিলেন মণিলালবাবু। বাসিন্দাদের অভিযোগ, অত্যন্ত দ্রুত গতিতে পিকআপ ভ্যানটি মণিলালবাবুকে ধাক্কা মারায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারপরই বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। এই রাস্তাটি ইস্কোর যানবাহন পরিবহণের বড় মাধ্যম। সেই রাস্তাই অবরোধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তাটি এখন মারণফাঁদে পরিণত হয়েছে। রাস্তার দু’পাশে বড় বড় গাড়ি রাখা থাকে। যার ফলে পথযাত্রীরা রাস্তার বেশিরভাগ অংশ দেখতেই পায় না। অবৈধ পার্কিং দিনের পর দিন চললেও পুলিস কোনও পদক্ষেপ নেয় না। বাসিন্দাদের আরও দাবি, এলাকাটি জলবহুল। দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে ব্যস্ত সময় যাতে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সেই দাবিও প্রশাসন কর্ণপাত করেনি। পাশাপাশি বেশকিছু এলাকায় গার্ডরেল বসানোর দাবি জানানো হয়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকায় পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অবশেষে এলাকাবাসীকে বুঝিয়ে মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। 
ডিসি ট্রাফিক ভিজি সতীশ পশুমূর্তি বলেন, ওই এলাকায় যাতে ওই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তার জন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ