সংবাদদাতা, মেদিনীপুর: দুধের পিকআপ ভ্যানে পাচার হচ্ছিল নিষিদ্ধ শব্দবাজি। কিন্তু, শেষ রক্ষা হল না। ডেবরা টোল প্লাজার কাছে পুলিসের নাকা চেকিংয়ে ধরা পড়ে গেল। মঙ্গলবার ভোরে কলকাতাগামী একটি দুধের পিকআপ ভ্যান দেখে নাকা চেকিংয়ে থাকা পুলিসের সন্দেহ হয়। তারা গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। পিকআপ ভ্যানের দরজা খুলে চক্ষু চড়কগাছ পুলিসের। সেখানে ঠাসা নিষিদ্ধ শব্দবাজি ছিল। পুলিস জানিয়েছে, লক্ষাধিক টাকার নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক করা হয়েছে পিকআপ ভ্যানটি। চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাজিগুলি কী কারণে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।



