Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর প্রসাদ খেয়ে অসুস্থরা বাড়ি ফিরছেন

পুজোর প্রসাদ খেয়ে অসুস্থরা বাড়ি ফিরছেন
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: রামনগরের মালঞ্চ এলাকায় গোষ্ঠেশ্বরী পুজোর প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় অসুস্থরা বাড়ি ফিরতে শুরু করেছেন। এপর্যন্ত অর্ধেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিত দেওয়ান জানান। জানা গিয়েছে, পুজোর চিঁড়ে প্রসাদ খেয়ে মালঞ্চ সহ আশপাশের বিভিন্ন গ্রামের ৩০০জন মানুষ রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অসুস্থ হন। তাঁদের বমি, পায়খানা প্রভৃতি উপসর্গ ছিল। সোমবার রাতে নতুন করে পাঁচজন রামনগরের বড়রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের চিকিৎসা করা হয়। তবে বিভিন্ন হাসপাতাল থেকে রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন। যদিও এখনও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আশা করছি, বাকি অসুস্থরা বুধবারের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। মঙ্গলবার সকাল থেকে নতুন করে কেউ আক্রান্ত হননি। মালঞ্চ এলাকায় মেলা প্রাঙ্গণে মেডিক্যাল টিম রয়েছে। আগামী কয়েকদিন মেডিক্যাল টিম এলাকায় থেকে অসুস্থদের চিকিৎসা করবে। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। 
Advertisement
এই ঘটনার জেরে মালঞ্চ গ্রামে মেলার ছন্নছাড়া পরিস্থিতি। সোমবারের যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবারও সেভাবে কোনও অনুষ্ঠান হয়নি। এখনও এগরার পানিপারুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বেশ কয়েকজন। তাঁরা এগরার দেবীদাসপুর, কুলটিকরি এলাকার বাসিন্দা এবং পুজোর প্রসাদ খেয়েছিলেন। মঙ্গলবার পানিপারুল হাসপাতালে তাঁদের দেখতে যান জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি চিকিৎসার ব্যাপারে তদারকি করেন। সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সভাধিপতি বলেন, যাঁরা এখনও চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের যাতে উন্নত চিকিৎসা হয়, সেব্যাপারে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছি।
সম্পর্কিত সংবাদ