Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উঠে আসছে পিচ, তারাপীঠ-ময়ূরেশ্বর রাস্তা সংস্কারে বেনিয়মের অভিযোগ

উঠে আসছে পিচ, তারাপীঠ-ময়ূরেশ্বর রাস্তা সংস্কারে বেনিয়মের অভিযোগ
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের কাজে বেনিয়মের অভিযোগ তুললেন বাসিন্দারা। রাতের অন্ধকারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার করা হয়েছে, এই অভিযোগে সোচ্চার হয়েছেন তাঁরা। সোমবার গিয়ে বাসিন্দারা দেখেন, হাত দিতেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। তাঁরা পিচের কিছু অংশ হাত দিয়েই তুলে ফেলে দেন। গুণগত মান বজায় রেখে রাস্তা সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাপীঠ থেকে ময়ূরেশ্বর যাওয়ার ২৬ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছিল। কিছুদিন আগে কয়েক কোটি টাকা ব্যয়ে সেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পিডব্লুডি রোডস। যার কাজ অনেকটাই সম্পন্ন হয়েছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ময়ূরেশ্বর হাইস্কুল সংলগ্ন দু’কিমি রাস্তা অত্যন্ত বেহাল হয়ে পড়েছিল। রবিবার সন্ধ্যা পর্যন্ত সেই রাস্তা সংস্কার করা হয়নি। এদিন সকালে গ্রামবাসীরা ঘুম থেকে উঠে দেখেন, ওই দু’কিমি রাস্তায় পিচের আস্তরণ পড়েছে। যা হাতেই উঠে আসছে। এরপরই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ তুলে সোচ্চার হন। তাঁরা রাস্তার বেশকিছুটা পিচের আস্তরণ হাত দিয়েই তুলে ফেলে দেন। 
গ্রামবাসী নারায়ণ লোহার, দেবাশিস গড়াই, সুদেব গড়াইরা জানান, দিনে কাজ হলে গ্রামবাসীরা বেনিয়ম ধরে ফেলবে, তাই রাতের অন্ধকারে কাজ করা হয়েছে। রাত ১১টা থেকে ভোর ৪টে পর্যন্ত রাস্তায় জমে থাকা ধুলোর উপরই পিচ, পাথর দিয়ে দায়সাড়া সংস্কার করা হয়েছে। যা হাতেই উঠে আসছে। খুব অল্পদিনেই এই রাস্তা পূর্বের অবস্থায় ফিরবে। 
এদিন গ্রামবাসীদের সঙ্গে শামিল হয়েছিলেন ময়ূরেশ্বর পঞ্চায়েতের বিজেপি সদস্য কাঞ্চন ঘোষ। তিনি বলেন, এই রাস্তার হাজিপুর, বীরচন্দ্রপুরের কাছে ভালো কাজ হয়েছে। এখানেও সেই মানের কাজ করতে হবে। তাই পিচের আস্তরণ তুলে ফেলে দিয়েছি। এদিন রাতেও রাস্তার অন্যান্য অংশে কাজ করবে বলে শুনছি। আমরা সেই কাজে বাধা দেব। সেই সঙ্গে আজ, মঙ্গলবার আরটিআইয়ের পাশাপাশি বিডিওর কাছে রাস্তা সংস্কারের কাজে বেনিয়মের অভিযোগ জানাব।
পিডব্লুডি রোডসের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিজিৎ বড়াই বলেন, জনবহুল এলাকা হওয়ায় যাতে যানজট সৃষ্টি না হয় তাই রাতের বেলায় ওই অংশে কাজ হয়েছে। বাকি অংশে দিনের বেলায় কাজ হয়েছে। ডিপার্টমেন্টের অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল। ভোর পর্যন্ত কাজ চলেছে। ফলে পিচ গরম ছিল। ওই অবস্থায় হাত দিয়ে টানতেই উঠে গিয়েছে। কিছুটা সময় তো দিতে হবে। যদিও এদিন আর কোনও কাজ হবে না। গ্রামবাসীদের অভিযোগের বিষয়টি আমরা দেখছি। যদি নিম্মমানের কাজ হয়ে থাকে, তাহলে পুরোটাই তুলে ফেলে নতুন করে রাস্তা করে দেব। সেক্ষেত্রে দিনের বেলায় কাজ হবে। যানজট হলে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ