Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার এক টাকায় মিলবে পাইপ লাইনের গ্যাস, ৩১ মে পর্যন্ত চলছে বিশেষ অফার

দিনে ১ টাকা দিলেই মিলবে পাইপ লাইনের গ্যাস! যে গ্যাসের জন্য ৬ হাজার টাকা ডিপোজিট মানি জমা করতে হত, তারজন্য এখন দিনে ১ টাকা করে দিলেই হবে।

এবার এক টাকায় মিলবে পাইপ লাইনের গ্যাস, ৩১ মে পর্যন্ত চলছে বিশেষ অফার
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: দিনে ১ টাকা দিলেই মিলবে পাইপ লাইনের গ্যাস! যে গ্যাসের জন্য ৬ হাজার টাকা ডিপোজিট মানি জমা করতে হত, তারজন্য এখন দিনে ১ টাকা করে দিলেই হবে। টানা ১৫ বছর ধরে সেই টাকা দেওয়া যাবে। অর্থাৎ ৫৪৭৫ টাকা গ্রাহককে দিতে হবে। মাসিক বিলের সঙ্গে সেই ৩০ টাকার বিলও আসবে। আগামী ৩১ মে পর্যন্ত এই বিশেষ অফার পাওয়া যাচ্ছে। 

Advertisement

একটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির পক্ষ থেকে কোচবিহার শহরের একাংশ বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন ওয়ার্ডে পাইপ লাইন বসানোর কাজ চলছে। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রায় এক হাজার বাড়িতে ইতিমধ্যেই গ্যাসের সংযোগ দিয়ে দেওয়া হয়েছে। সেই গ্যাস গৃহস্থবাড়িতে রীতিমতো ব্যবহারও শুরু হয়েছে। এই গ্যাসের সংযোগের জন্য আগে ৬ হাজার টাকা গ্রাহকদের দিতে হত। সংশ্লিষ্ট কোম্পানি চলতি মাসের ১৩ তারিখ থেকে আগামী ৩১ তারিখ পর্যন্ত এই বিশেষ সুযোগ গ্রাহকদের দিয়েছে। শুধু তাই নয়, ৭৫০ টাকা দিয়ে যে আবেদন করতে হত জিএসটি যোগ করে যা প্রায় ৮৫০ টাকা পড়ে যেত, সেই টাকাও আপাতত মকুব করা হয়েছে। 
রাষ্ট্রায়ত্ত ওই তেল কোম্পানির টেরিটোরি ম্যানেজার (ওয়েস্ট বেঙ্গল-১) পল্লব সাহু বলেন, গ্যাসের সংযোগ নেওয়ার জন্য ৬ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হবে আমাদের কাছে। আবেদনের জন্য ৮৫০ টাকা লাগে। এখন একটা স্কিম চলছে। যাতে এই আবেদন বা প্রসেসিং ফি লাগছে না। আর সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৬ হাজার টাকাও দিতে হবে না। তার বদলে প্রতিদিন ১ টাকা করে মাসে ৩০ টাকা ১৫ বছর ধরে বিলের সঙ্গে দিলেই হবে। প্রতি মাসে সেই বিল আসবে। আগামী ৩১ মে পর্যন্ত এই অফার কোম্পানির তরফে রাখা হয়েছে। পাশাপাশি আমরা আইটিআই পড়া ছেলেমেয়েদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছি। আগামী দিনে তাঁদের এই কাজে যুক্ত হওয়ার সুযোগ থাকবে। ফলে আইটিআই প্রশিক্ষণ প্রাপ্তের এখানে কর্মসংস্থান হতে পারে। ভেন্ডারদের মাধ্যমেও তাঁরা কাজ শুরু করতে পারবেন। 
সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির সূত্রে জানা গিয়েছে, এই গ্যাসের ইউনিট প্রতি দাম ৪৮ টাকা। যা বর্তমান এলপিজি গ্যাস সিলিন্ডারের থেকে অনেকটাই কম। এই গ্যাস ব্যবহার কতটা হল তা বাড়িতে বসানো মিটারের মাধ্যমেই গ্রাহকরা জানতে পারবেন। যে গ্রাহক যত ইউনিট গ্যাস ব্যবহার করবেন সেই হিসাবে বিল মেটাতে হবে। আর এই বিলের সঙ্গেই যোগ হয়ে যাবে বিশেষ অফারের এই ১ টাকা। 
• পাইপ লাইনের গ্যাসে চলছে রান্না। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ